স্থানীয় সংবাদ

যশোরের শার্শায় দুই শিশু পুত্রের মৃত্যু : বাবার আত্মহত্যা

যশোর ব্যুরো ঃ যশোর শার্শা উপজেলার চটকাপোতা দক্ষিণ পাড়ায় দুই শিশু পুত্রের মৃত্যুর পর কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ১ সেপ্টেম্বর দুপুরে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও শিশুদের মৃত্যুর বিষয়টি তদন্তাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর প্রায় প্রায় আড়াইটার দিকে মৃত নেদন আলীর ছেলে কামাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর মধ্যে সাবিরের বয়স পাঁচ বছর এবং জাবিরের বয়স প্রায় আড়াই বছর। স্থানীয়রা জানান,কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিলেন এবং তার সাত সন্তান রয়েছে। আগের দুই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। সর্বশেষ স্ত্রীও পারিবারিক কলহের জেরে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে নড়াইলে বাবার বাড়িতে চলে যান। এরপর দুই শিশু বাবার কাছেই ছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,শিশু দুটিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। পরে কামাল হোসেন বিষ পান করে আত্মহত্যা করেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কামাল হোসেন আত্মহত্যা করেছেন। একই ঘটনায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিশু দুটির মৃত্যু কীভাবে হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ কী, তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button