খুলনার শিল্পের চাকা আবার ঘুরবে

# বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী #
স্টাফ রিপোর্টার ঃ শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা, দক্ষ মানবসম্পদ ও শিল্পায়ন এই তিনকে অগ্রাধিকার দিয়ে খুলনাকে দেশের অন্যতম শিক্ষানগরী ও শিল্পনগরী হিসেবে গড়ে তোলার। তিনি বলেছেন, ন্যায়বিচার, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ গড়তে আজ প্রয়োজন ভাইয়ে ভাইয়ে ঐক্য। মানবসম্পদ উন্নয়ন করতে পারলেই দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষায় সবচেয়ে বেশি বাজেট দেওয়ার লক্ষ্য রয়েছে। কারিগরি শিক্ষার সম্প্রসারণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হবে। কারণ দক্ষ জনশক্তি তৈরি হলে দেশের উন্নয়ন ও জনগণের উন্নয়ন হবে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষাকে অনেক গুরুত্ব দিয়েছেন। প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য ড্রেসের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি উপজেলায় প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য দুপুরের মিড-ডে মিলের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে শিশুদের উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। খুলনার শিক্ষাব্যবস্থার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে এহসানুল হক মিলন বলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দেশের সেরা প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে। ভবিষ্যতে বিদেশ থেকেও শিক্ষার্থীরা সেখানে পড়তে আসবে। খুলনা বিশ্ববিদ্যালয়কেও দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হবে।
তিনি আরও বলেন, খুলনায় বিমানবন্দর ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় হবে। খুলনাকে বাংলাদেশের অন্যতম শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে নগরীতে মাদককে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না।
শিল্পনগরী খুলনার সম্ভাবনার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, খুলনার শিল্পের চাকা পরিকল্পিতভাবে থামিয়ে দেওয়া হয়েছিল। সাধারণ মানুষের অংশগ্রহণ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সেই শিল্পের চাকা আবারও ঘুরবে। বন্দরনগরী খুলনায় নতুন করে শিল্পায়ন হবে। এতে তরুণদের জন্য কর্মসংস্থান ও স্বপ্ন পূরণের সুযোগ তৈরি হবে।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বৃষ্টির মধ্যেও কর্মসূচিতে অংশ নেওয়া নেতা-কর্মীদের ধন্যবাদ জানান।
এর আগে বিকেলে নগরীর শিববাড়ী মোড়ের জিয়া হল চত্বরে জমায়েত ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নগরীতে বর্ণাঢ্য র্যালি হওয়ার কথা থাকলেও অতিবৃষ্টির কারণে তা বাতিল করা হয়।
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন কর্মসূচির উদ্বোধন করেন। মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন আজিজুল বারী হেলাল এমপি। বিশেষ বক্তা ছিলেন বিএনপির নির্বাহী কমিটির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, আমির এজাজ খান এমপি, কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং জেলা সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।



