যশোর অভয়নগরে এক ভ্যান চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোর ব্যুরো ঃ যশোর অভয়নগর উপজেলার একতারপুর শিকদার পাড়া এলাকায় জাফর ইকবাল (৩৫) নামে এক ভ্যানচালকের গলায় রশি পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ২ সেপ্টেম্বর সকালে উপজেলার একতারপুর গ্রামের শিকদারপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জাফর ইকবাল ওই এলাকার মৃত আব্দুল ওহাব সরকারের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
নিহতের স্ত্রী বিলকিছ বেগম জানান, মঙ্গলবার সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে রাগ করে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান এবং রাতে আর ফেরেননি। বুধবার সকালে বাড়িতে ফিরে ঘরের দরজা খুলে বারান্দার আড়ার সঙ্গে রশি পেঁচানো অবস্থায় স্বামীর মরদেহ ঝুলতে দেখেন। তবে নিহতের মা সেলিনা বেগমের অভিযোগ, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যার পর গলায় রশি পেঁচিয়ে মরদেহ ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, জাফর ইকবালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, পরিবারের নিরাপত্তা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী বিলকিছ বেগম (২৫), মেয়ে ফাতেমা খাতুন (১৫) ও স্ত্রীর বড় বোন খাদিজা বেগমকে (৩৫) থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



