খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন ৯০ রোগী

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০ জনের মধ্যে হাম সন্দেহ করা হয়েছে। এ সময়ে সন্দেহভাজন হাম রোগীদের মধ্যে ৮৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৬০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় হাম বা সন্দেহজনক হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা শূন্য। একই সময়ে সন্দেহজনক হামেও কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে খুলনা জেলায় ২২ জন। এর মধ্যে ২২ জনই হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বাগেরহাট ও ঝিনাইদহে ১৭ জন করে, যশোরে ০, কুষ্টিয়ায় ১৩, নড়াইলে ১২, মাগুরায় ৫, মেহেরপুরে ২, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় ১ জন করে সন্দেহভাজন রোগী পাওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ১০ হাজার ৪৭৮ জনকে সন্দেহভাজন হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ১০ হাজার ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৯ হাজার ৬৯৮ জন চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে সন্দেহজনক হামে ৩৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, একই সময়ে বিভাগে ৩৬৯ জনের হাম নিশ্চিত হয়েছে। তবে নিশ্চিত হাম রোগীদের মধ্যে মৃত্যুর সংখ্যা শূন্য বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জেলায় জেলায় চিত্র :
দীর্ঘ সময়ের হিসাবে সবচেয়ে বেশি সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে কুষ্টিয়ায় ২ হাজার ৬০২ জন। এরপর মাগুরায় ১ হাজার ৫৯১, খুলনায় ১ হাজার ৭৪৪, ঝিনাইদহে ৮৮০, যশোরে ৮৫৭, নড়াইলে ৭২৬, বাগেরহাটে ৬৫৪, মেহেরপুরে ৬১০, চুয়াডাঙ্গায় ৫২৭ এবং সাতক্ষীরায় ২৮৭ জন।
স্বাস্থ্য বিভাগের এই পরিসংখ্যান অনুযায়ী, হামের সংক্রমণ পরিস্থিতি নজরদারিতে রয়েছে। বিশেষ করে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণ ও আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে।



