স্থানীয় সংবাদ

খুলনায় আইন-শৃংখলার অবনতিতে খুলনা প্রেসক্লাবের উদ্বেগ

খবর বিজ্ঞপ্তি ঃ সম্প্রতি খুলনা মহানগরী ও জেলার আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটেছে। যা জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। দিনে-রাতে প্রকাশ্যে গুলি করে হত্যা, জখম ও চাঁদাবাজি এবং দখলদারির ঘটনা ঘটছে। নগরীর বিভিন্ন স্থানে ছিচকে চোরের উপদ্রপ বৃদ্ধি পেয়েছে। বৈদ্যুতিক তার চুরি থেকে বড় ধনের চুরি ঘটছে। যা নগরবাসী তথা নাগরিক জীবনে অনাকাঙ্খিত পীড়াদায়ক। এর পাশাপশি মাদক কারবারীদের দৌরাত্ম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ অপরাধের সঙ্গে মাদকের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে আইন-শৃংখলা বাহিনী। যাকে কেন্দ্র করে খুন-খারাবি ও আধিপত্য নিয়ে অপরাধীদের পরস্পর গোষ্ঠী দ্বন্দ্বের কারণে পাল্টাপাল্টি হামলার ঘটনা নগরবাসীকে বিষিয়ে তুলছে। আইন-শৃঙ্খলা বাহিনী দুই একটি ঘটনার রহস্য উদঘাটন করতে পারলেও সংখ্যার তুলনায় অতি নগন্য। অপরাধীদের পেছনে থাকা প্রভাবশালীদের টিকিটিও ধরতে পারছে না। বিভিন্ন সময়ে রাজনৈতিকদল ও নাগরিক সমাজের পক্ষ থেকে বিবৃতি ও কর্মসূচি পালন করা হলেও দৃশ্যমান কোনো পরিবর্তন নেই। এমতাবস্থায় খুলনা প্রেসক্লাব সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। পাশাপাশি কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে খুলনা প্রেসক্লাব। উল্লেখ্য, বর্তমান নির্বাচিত সরকার সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কিন্তু প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা কিছু অসাধু ব্যক্তি অপরাধীদের অদৃশ্য সহযোগী হিসেবে কাজ করছে বলে মনে করে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ। কেননা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে খুলনার ব্যাপারে বিশেষ নির্দেশনা দিলেও দৃশ্যমান কোনা অগ্রগতি এখনও খুলনাবাসি পায়নি। সঙ্গত কারণেই প্রশ্ন দেখা দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদিচ্ছা নিয়ে। যা রীতিমতো সরকারকে বিব্রত করা হচ্ছে মনে করে সাংবাদিক সমাজ।
এছাড়া গত ১২ জুলাই রাতে নগরীর জাতিসংঘ পার্কের পশ্চিম পাশে চায়ের দোকানে অবস্থান করা অবস্থায় সন্ত্রাসীরা খুলনার চারজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি করে। ওই ঘটনায় মামলা দায়ের হলেও গত দেড় মাসের অধিক সময় অতিক্রম করলেও প্রকৃত অপরাধীদের গ্রেফতার এবং নেপথ্যের কারণ পুলিশ উদঘাটন করতে পারেনি। যা খুলনার সাংবাদিক ও নাগরিক সমাজ উদ্বিগ্ন। অবিলম্বে আইন-শৃঙ্খলার দ্রুত উন্নতি ও অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বিবৃতি দাতারা হলেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সহ-সভাপতি যথাক্রমে সোহরাব হোসেন, মো. জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক বশির হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ. মো. আনিস উদ্দিন, কে এম জিয়াউস সাদাত, আশরাফ-উল-হক ও মোহাম্মদ আলী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button