মোংলায় পলাতক থাকা ধর্ষণ মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি ঃ এআই দিয়ে ভুয়া র্যাব কর্মকর্তা সেজে এক কিশোরীকে ‘ধর্ষণ করে মোংলায় পলাতক থাকা আসামী পারভেজ ব্যাপারী(২৩) কে গ্রেফতার করেছে পুলিশ। পিরোজপুরের কাউখালী ও বাগেরহাটের মোংলা থানা পুলিশের যৌথ অভিযানে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাটের মোংলা পৌর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পারভেজ খুলনা সদর এলাকার ২৩ নম্বর রোডের সাখাওয়াত ব্যাপারীর ছেলে। গ্রেফতার ও মামলার বরাত দিয়ে মোংলা থানা পুলিশ জানায়, গ্রেফতার পারভেজ এআই প্রযুক্তি ব্যবহার করে নিজেকে র্যাব ও সেনাবাহিনীর মেজর, কর্নেলসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। এভাবে পরিচয় দেওয়ার সূত্রে পিরোজপুরের এক স্কুলছাত্রীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পরে ভুয়া বিয়ের নাটক সাজিয়ে দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে যৌন নিপীড়ন ও ধর্ষণ করে। এরা দেশের বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থানও করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। সম্প্রতি প্রতারণার বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী কিশোরীর মা নিলুফা বেগম পিরোজপুরের কাউখালী থানায় একটি মামলা করেন। মামলার পর পারভেজ খুলনা থেকে পালিয়ে মোংলায় গিয়ে আত্মগোপন করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনে অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে গ্রেফতার করে। মোংলা থানার পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, কাউখালী থানা পুলিশ পারভেজের মোংলায় অবস্থানের বিষয়টি নিশ্চিত করে এবং গোপন সংবাদের ভিত্তিতে মোংলা পৌর শহরের বনফুল মিষ্টির দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


