খুলনা বিভাগে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

# ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৫২ : মৃত্যু ১ #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে যশোরে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের ১২ সেপ্টেম্বর পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সর্বোচ্চ ১১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৫ জন, যশোরে ৪৩ জন, বাগেরহাটে ১২ জন, সাতক্ষীরায় ১১ জন, কুষ্টিয়ায় ৮ জন, চুয়াডাঙ্গায় ৫ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং মেহেরপুরে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে ৯৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা নিয়ে ৭ হাজার ৩১৭ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে ২১৭ জন রোগীকে অন্যত্র রেফার্ড করা হয়েছে।
চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ২০ জনের মৃত্যু হয়েছে। খুলনা জেলায় ৪ জন, বাগেরহাটে ২ জন এবং যশোরে ২ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় যশোরে একজনের মৃত্যু হয়েছে।



