স্থানীয় সংবাদ

৪জন এজাহার নামীয়সহ অজ্ঞাত আরো ৬/৭ জনকে আসামী করে মামলা : গ্রেফতার নেই

# চুরির অপবাদে সাজমির হত্যাকা- #

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ নগরীর খানজাহান আলী থানাধীন খানাবাড়ী এলাকায় চুরির অপবাদে যুবক সাজমির (২২) নিহতের ঘটনায় চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৬/৭ জনকে আসামী করে মামলা দায়ের( মামলা নং ৫, তাং ১৩/৯/২৬) করা হয়েছে। নিহতের মা শাহানারা বেগম বাদী হয়ে খানজাহান আলী থানায় এ মামলা দায়ের করেন। হত্যাকা-ের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ঘটনার সাথে সম্পৃক্ত বা এজাহারভক্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি ।
মামলার এজাহার ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর রাতে খানজাহান আলী থানাধীন যোগীপোল ইউনিয়নের ভাঙ্গা মসজিদের সামনে সাজমিরকে চুরির অপবাদে ধরে নিয়ে নির্যাতন করা হয়। ফুলবাড়িগেট জনতা মার্কেটের পিছনেসহ বিভিন্ন স্থানে নিয়ে রাতভর দফায় দফায় শারীরিক নির্যাতন করা হয়। পরদিন ৬ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চারদিন চিকিৎসাধীন অবস্থায় ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা শাহানারা বেগম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার এজাহারে সাজমিরকে মারধর ও গুরুতর জখম করার অভিযোগ তুলে ঘটনার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর সাজমিরকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তবে ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার কোনো আসামি আটক হয়নি। এতে নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ, চুরির অপবাদে একজন যুবককে এভাবে নির্যাতনের পর তার মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দীপকের মোবাইলে একাধিক কল করা হলেও তিনি ফোনটি রিসিভ করেনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button