নড়াইলে জামায়াত নেতার অবৈধ কয়লাভাটি গুঁড়িয়ে দিল প্রশাসন

নড়াইল প্রতিনিধি ঃ নড়াইল সদর উপজেলায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে আটটি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সদরের বিছালী ইউনিয়নের আটঘরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রুবেল শেখ। পরিবেশ অধিদফতর ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটঘরা এলাকার একটি বাগানের ভেতরে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করে আসছিলেন স্থানীয় ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি হাসিবুর মোল্যা। খবর পেয়ে সেখানে যৌথ অভিযান চালায় প্রশাসন ও পরিবেশ অধিদফতর। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ভাটার আটটি চুল্লি ভেঙে ফেলা হয় এবং জ্বলন্ত চুল্লিগুলোর আগুন নিভিয়ে দেয় ফায়ার সার্ভিস। অভিযানের বিষয়টি টের পেয়ে মালিক হাসিবুর মোল্যা ও সংশ্লিষ্ট শ্রমিকরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে পোড়ানোর কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ কাঠ ও একটি ট্রলি জব্দ করা হয়। অভিযানে জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল মালেক মিয়া এবং জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। এর আগে গত ১২ সেপ্টেম্বর ওই অবৈধ কয়লাভাটির তথ্য সংগ্রহ করতে যান একটি গণমাধ্যমের জেলা প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান ও স্থানীয় সাংবাদিক রাসেল হুসাইন। সে সময় সংবাদ প্রচার না করার শর্তে তাদের অর্থ দেওয়ার প্রস্তাব করেন হাসিবুর মোল্যা। সাংবাদিকরা প্রস্তাব প্রত্যাখ্যান করলে হাসিবুর ও তার অনুসারীরা জনসমাগম ঘটিয়ে তাদের লাঞ্ছিত করেন। ওই ঘটনার দুই দিনের মাথায় সেখানে অভিযান চালাল প্রশাসন। অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখ বলেন, কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা সম্পূর্ণ বেআইনি। এসব চুল্লির বিষাক্ত কালো ধোঁয়া পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। গণমাধ্যম ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আটটি চুল্লি পুরোপুরি ধ্বংস করা হয়েছে। পরিবেশের ক্ষতি করে পরিচালিত সব ধরনের অবৈধ কর্মকা-ের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।



