স্থানীয় সংবাদ

খুলনায় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার পরিচালক মাঈন উদ্দিনের বিরুদ্ধে নারী কর্মীর মামলা

বাবার বিরুদ্ধে ছেলেরও অভিযোগ

স্টাফ রিপোর্টার ঃ খুলনার ফুলবাড়ীগেটের দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রেসিডেন্ট ও পরিচালক মাঈন উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করেছেন প্রতিষ্ঠানটির এক নারী কর্মী। এরই মধ্যে নিজের বাবার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বক্তব্য দিয়েছেন মাঈন উদ্দিন চৌধুরীর ছেলে ফয়সাল চৌধুরী। ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও মাঈন উদ্দিনকে ঘিরে সামনে এসেছে নানা প্রশ্ন। ২০২৩ সালে দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় গণসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন ফাহমিদা আক্তার মিম। মামলার এজাহার ও তার বক্তব্য অনুযায়ী, চাকরিতে যোগদানের কিছুদিন পর থেকেই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ও পরিচালক মাঈন উদ্দিন চৌধুরী তার সঙ্গে বিভিন্ন সময় আপত্তিকর আচরণ ও যৌন হয়রানির চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, এসব আচরণের প্রতিবাদ জানানোর পর কিছুদিন তা বন্ধ থাকলেও পরবর্তীতে আবারও একই ধরনের আচরণের চেষ্টা করা হয়। সর্বশেষ গত ৩১ আগস্ট অফিসকক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগে মামলা করেন ফাহমিদা আক্তার মিম। মামলার বিষয়টি সামনে আসার মধ্যেই মাঈন উদ্দিন চৌধুরীর ছেলে ফয়সাল চৌধুরীও তার বাবার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে কথা বলেছেন। তার বক্তব্যে নারী সংক্রান্ত অভিযোগসহ আরও কিছু বিষয় উঠে এসেছে। নিজের বাবার বিরুদ্ধে ছেলের এমন বক্তব্যকে ঘিরে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। এদিকে মাঈন উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অভিযোগ ওঠার কথা জানা গেছে। এর মধ্যে অনিয়ম, দুর্নীতি ও নারী সংক্রান্ত অভিযোগের কথাও রয়েছে। মামলার বিষয়ে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, মাঈন উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। তিনি বলেন, আইন অনুযায়ী তাকে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে মাঈন উদ্দিন চৌধুরীর বক্তব্য জানতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। নারী কর্মীর করা মামলা, নিজের বাবার বিরুদ্ধে ছেলের অভিযোগ এবং অতীতে ওঠা বিভিন্ন অভিযোগÑসব মিলিয়ে খুলনার ফুলবাড়ীগেটের দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কার্যক্রম ও মঈনুদ্দিন চৌধুরীর ভূমিকা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button