খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে ৭৭ প্রাণহানি

হাসপাতালে ভর্তি ২১ হাজারের বেশি
স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগে ডেঙ্গু ও হামের প্রকোপ বেড়েই চলেছে। চলতি বছরের শুরু থেকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ও হামে আক্রান্ত হয়ে ২১ হাজার ৭৬১ জন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে ডেঙ্গু ও হামে ৭৭ জনের মৃত্যু হয়েছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত সর্বশেষ আলাদা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এ পর্যন্ত ৮ হাজার ৭১৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। আর উন্নত চিকিৎসার জন্য ২৪৫ জনকে অন্যত্র রেফার্ড করা হয়েছে।
জেলা হিসেবে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনায়। জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৮৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৯ জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ২ হাজার ১৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ২০ জন।
বাগেরহাটে এ পর্যন্ত ১ হাজার ৫৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ জেলায় মৃত্যু হয়েছে ৩ জনের। যশোরে ভর্তি হয়েছেন ৯৬২ জন, মৃত্যু হয়েছে ২ জনের। চুয়াডাঙ্গায় ভর্তি হয়েছেন ৬২ জন, মৃত্যু হয়েছে একজনের। এ ছাড়া নড়াইলে ৩৫৭ জন, ঝিনাইদহে ২০২ জন, মাগুরায় ২০১ জন, কুষ্টিয়ায় ২০৮ জন এবং মেহেরপুরে ১৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সাতক্ষীরা জেলায় ২২০ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির হিসাবেও খুলনা এগিয়ে রয়েছে। এ সময়ে খুলনা জেলায় ৩৯ জন, বাগেরহাটে ১৩ জন, সাতক্ষীরা জেলায় ৬ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, যশোরে ৬ জন, নড়াইলে ৬ জন এবং মেহেরপুরে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
খুলনা বিভাগে এ পর্যন্ত সন্দেহজনক হাম ১১ হাজার ৬৪২, মৃত্যু ৪২ : অপরদিকে, খুলনা বিভাগে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৬৪২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৩৭৩ জনের হাম নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত সন্দেহজনক হামে মারা গেছেন ৪২ জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের ১৮ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রকাশিত জেলাভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৮ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় এসব রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনা জেলায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ হাজার ৪৩ জন। এ জেলায় ৪৭ জনের হাম নিশ্চিত হয়েছে এবং সন্দেহজনক হামে মারা গেছেন ২২ জন। কুষ্টিয়ায় সন্দেহজনক হাম রোগী ২ হাজার ৭৯১ জন। এর মধ্যে ২৩ জনের হাম নিশ্চিত হয়েছে এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৩ জনের। চুয়াডাঙ্গায় সন্দেহজনক হাম রোগী ৫৭৭ জন এর মধ্যে মৃত্যু একনজন। ঝিনাইদহে সন্দেহজনক হাম রোগী ৯৭৯ জন। এর মধ্যে ১৭ জনের হাম নিশ্চিত হয়েছে এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৫ জনের। মেহেরপুরে ন্দেহজনক হাম রোগী ৬৭৫ জন। এর মধ্যে ১০ জনের হাম নিশ্চিত হয়েছে এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে একজনের। এ ছাড়া যশোরে ৮৭৪, নড়াইলে ৮৪০, বাগেরহাটে ৭৮১ এবং সাতক্ষীরায় ৩৪৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্যে আরও জানা গেছে, বিভাগে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ৩৭৩ জনের রোগ নিশ্চিত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছে।



