স্থানীয় সংবাদ

খুলনা মহানগরীকে একটি নিরাপদ নগর হিসেবে গড়ে তুলতে চাই : কেসিসি প্রশাসক

# শিশুশ্রম, বিদ্যালয় থেকে ঝড়ে পড়া ও বাল্যবিবাহ মুক্ত ওয়ার্ড ঘোষণা এবং শিশুদের সুরক্ষায় কার্যক্রমসমূহের সফলতা উদযাপন অনুষ্ঠান #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনা মহানগরীকে একটি নিরাপদ নগর হিসেবে গড়ে তুলতে চাই। আর এ কাজে সফল হতে হলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নেয়ার ব্যবস্থা করা অনেক গুরুত্বপূর্ণ। এ কাজে যে কয়টি প্রতিষ্ঠান আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করছে তার মধ্যে ওয়ার্ল্ডভিশন ভালো কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। কেসিসি প্রশাসক রবিবার দুপুরে নগরীর সিএসএস আভা সেন্টারে শিশুশ্রম, বিদ্যালয় থেকে ঝড়ে পড়া ও বাল্যবিবাহ মুক্ত ওয়ার্ড ঘোষণা এবং শিশুদের সুরক্ষায় কার্যক্রমসমূহের সফলতা উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ১ ও ২ এর আওতায় ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী গতানুগতিক ধারার বাইরে নতুন কিছু করার পরামর্শ দিয়েছেন। পরমার্শ অনুযায়ী খুলনায় একটি বিজ্ঞান বিষয়ক পার্ক ও নভোথিয়েটার নির্মাণের জন্য টেক্সটাইল মিলের অব্যবহৃত জমি ব্যবহারের জন্য পত্র প্রেরণ করা হয়েছে। এছাড়া ২১টি মাঠ ও ছোট ফুটসাল নির্মাণের জন্য তালিকা প্রেরণ করা হয়েছে। খুব শীঘ্রই এগুলির বাস্তবায়ন শুরু হবে। প্রকল্পগুলি বাস্তবায়িত হলে শিশুদের মোবাইল আসক্তি ও কিশোরদের মাদকাসক্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভায় জানানো হয়, খুলনা মহানগরীর ২, ৪, ৯, ১৪, ১৮, ২০, ২৮ ও ৩০ নং ওয়ার্ডে শিশুশ্রমে যুক্ত ১’শ ২৯ জন শিশু; ৪, ৫, ৬, ১৫, ১৭, ১৮, ১৯, ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১নং ওয়ার্ডে বল্যবিবাহ ঝুঁকিতে রয়েশে ৫’শ ৪২ জন শিশু এবং ৪, ৮, ৯,১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৮, ২৫, ২৭ ও ২৮ নং ওয়ার্ডে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুর সংখ্যা রয়েছে ২’শ ৭৩ জন। অনুষ্ঠানে ৪, ৫, ৬, ১৫, ১৭, ১৮, ১৯, ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ডকে বাল্যবিবাহমুক্ত; ২, ৪, ৯, ১৪, ১৮, ২০, ২৮ ও ৩০ নং ওয়ার্ডকে শিশুশ্রম মুক্ত এবং ৪, ৮, ৯, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৮, ২৫, ২৭ ও ২৮ নং ওয়ার্ডকে স্কুল বহির্ভুত শিশুমুক্ত ওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়। প্রশাসক সংস্থাটির সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং এ সাফল্য ধরে রাখার পাশাপাশি সফলতার আরো বিস্তৃতি লাভে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান। প্রকল্পের এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসার সুরভী বিশ^াস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, এশিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার-খুলনার অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম, সিএসএস-এর পরিচালক (শিক্ষা) ডেভিড থমাস গোমেজ, থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহানাজ বেগম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের সহকারী পরিচালক শাহিনুর রহমান এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের পক্ষে এসআই শাহানারা খাতুন শানু। কেসিসি’র ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button