রূপসায় মাছের ঘের থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার ঃ খুলনার রূপসায় একটি মাছের ঘের থেকে মো. বাপ্পি (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের ফ্রেশ ফুডসের পেছনে মমিনবাগ এলাকার একটি মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাপ্পি আলাইপুর গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আনিসুজ্জামান জানান, ভোর সাড়ে ৫টার দিকে মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে গুলির ঘটনা এরও আগে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত বাপ্পির বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিক তথ্যে তিনি একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



