পায়রা বন্দরের জন্য খুলনা শিপইয়ার্ডের শক্তিশালী টাগবোট

স্টাফ রিপোর্টার ঃ পায়রা বন্দরে জাহাজের বার্থিং, আনবার্থিং, টোয়িং ও উদ্ধারকাজে ব্যবহারের জন্য দেশীয় প্রযুক্তিতে নির্মিত ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন টাগবোট ‘টিয়াখালী-৪’ আনুষ্ঠানিকভাবে লঞ্চিং করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে খুলনা শিপইয়ার্ড লিমিটেডে (কেএসওয়াই) টাগবোটটির লঞ্চিং অনুষ্ঠিত হয়। লঞ্চিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. আব্দুল লতিফ। অনুষ্ঠানে কেএসওয়াই ও পায়রা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন দুটি টাগবোট নির্মাণ প্রকল্পের আওতায় দ্বিতীয় টাগবোট হিসেবে ‘টিয়াখালী-৪’ নির্মাণ করা হয়েছে। সিঙ্গাপুরের ন্যাভনটিক প্রাইভেট লিমিটেডের নকশায় এবং আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান ব্যুরো ভেরিটাসের (বিভি) তত্ত্বাবধানে টাগবোটটি নির্মাণ করা হয়। টাগবোটটির দৈর্ঘ্য ৩৭ মিটার, স্থানচ্যুতি ১ হাজার ১০০ টন এবং ড্রাফট ৫ মিটার। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩ দশমিক ৮ মাইল। আধুনিক জেড-ড্রাইভ প্রপালশন সিস্টেমযুক্ত টাগবোটটি পায়রা বন্দরে জাহাজের বার্থিং, আনবার্থিং, টোয়িং এবং জাহাজের দিক পরিবর্তন ও নিয়ন্ত্রণে ব্যবহার করা হবে। এতে রয়েছে আধুনিক ফায়ার ফাইটিং সিস্টেম। পাশাপাশি উদ্ধার অভিযান, পানির নিচে জরিপ ও স্যালভেজ কার্যক্রম, প্রতিকূল আবহাওয়ায় সমুদ্রে চলাচল এবং পাইলট পরিবহনের মতো বহুমুখী কাজেও টাগবোটটি ব্যবহার করা যাবে। খুলনা শিপইয়ার্ডের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে ৮০০টির বেশি নতুন জাহাজ নির্মাণ এবং ২ হাজার ৫০০টির বেশি জাহাজ মেরামত করেছে। দেশীয় প্রযুক্তি, প্রকৌশল জ্ঞান ও দক্ষ জনবলের সমন্বয়ে ‘টিয়াখালী-৪’ নির্মাণ দেশের জাহাজ নির্মাণ শিল্পের সক্ষমতার আরেকটি দৃষ্টান্ত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। টাগবোটটি পায়রা বন্দরের সামুদ্রিক কার্যক্রমে সহায়তার পাশাপাশি দেশের সামুদ্রিক অবকাঠামো ও ব্লু ইকোনমিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



