শিশু সাফিয়ার দুই কিডনির ছাকুনি নষ্ট, চিকিৎসায় প্রয়োজন পাঁচ লাখ টাকা

অভয়নগর (যশোর) প্রতিনিধি : তিন বছরের শিশু সানজিদা ইসলাম সাফিয়া ভুগছে কিডনি রোগে। তার দুই কিডনির ছাকুনি নষ্ট হয়ে গেছে। গত এক বছর ধরে অসুস্থ সাফিয়ার চিকিৎসা চালাতে নিঃস্ব হয়ে পড়েছে তার পরিবার। শিশুটির চিকিৎসা চলমান রাখতে এখন প্রয়োজন প্রায় পাঁচ লাখ টাকা।
অসুস্থ সানজিদা ইসলাম সাফিয়া যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নরে সোনাতলা গ্রামের দিনমজুর পিতা শহিদুল ইসলামের মেয়ে।
শহিদুল ইসলাম তার মেয়ের অসুস্থতা সম্পর্কে বলেন, এক বছর ধরে ঢাকা, খুলনাসহ দেশের বিভিন্ন হাসপাতালে মেয়ের চিকিৎসা করালেও এখনো পুরোপুরি সুস্থ হয়নি। চিকিৎসকরা বলছেন, সাফিয়ার সুস্থতার জন্য অন্তত ১৭ বছর ধরে চিকিৎসা চালিয়ে যেতে হবে। জমিজমা ও স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি, ধার-দেনা ও এলাকাবাসীর সহযোগিতায় মেয়ের চিকিৎসা বাবদ ইতোমধ্যে ছয় লাখ টাকা খরচ হয়েছে। বর্তমানে মেয়ের চিকিৎসা চলমান রাখতে আরো পাঁচ লাখ টাকা প্রয়োজন।
সীমিত আয়ে এত বিপুল অর্থের জোগান পেতে সমাজের বিত্তবান, বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রবাসীদের কাছে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আবেদন করেছেন শিশু সাফিয়ার পরিবার। সাহায্য পাঠাতে যোগাযোগ করুন- সানজিদা ইসলাম সাফিয়ার পিতা শহিদুল ইসলাম- ০১৯১০-০০৯০৯৮ (বিকাশ)।



