স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন ভর্তি ১৮৪ : মোট রোগী ১৩ হাজার ৮৫১

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি অব্যাহতভাবে উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৫১ জনে। এ সময়ে ৪৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। শুক্রবার (২ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় নতুন করে ১০৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৬২ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৬ জন। চলতি বছর এ জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৫ হাজার ৩২৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৮১ জন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি। তবে চলতি বছরের শুরু থেকে মহানগরীতে মোট ২ হাজার ৭৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২২৪ জন।
বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় ৯ জন, সাতক্ষীরায় ৪ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, যশোরে ৩৬ জন, নড়াইলে ৮ জন, কুষ্টিয়ায় ৩ জন, চুয়াডাঙ্গায় ১ জন এবং মেহেরপুরে ৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১২ হাজার ২৯০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ৪৮ জনের। এর মধ্যে খুলনায় ১৬ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন, বাগেরহাটে ৩ জন, যশোরে ২ জন এবং সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এ সময়ে ৩৩০ জন রোগী রেফার্ড হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১৮৩ জন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের প্রতিবেদনে আরও দেখা যায়, চলতি বছরে খুলনা বিভাগের মধ্যে খুলনা জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এরপর রয়েছে বাগেরহাট, যশোরসহ অন্যান্য জেলা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button