জাতীয় সংবাদ

লাল পতাকা টাঙিয়ে রেলওয়ের অফিসার্স কলোনির ভবন দখলের চেষ্টা

প্রবাহ রিপোর্ট ঃ নীলফামারীর সৈয়দপুরে লাল পতাকা টাঙিয়ে রেলওয়ের অফিসার্স কলোনির একটি ভবন দখলচেষ্টার অভিযোগ উঠেছে রানা নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে।
রোববার (৪ অক্টোবর) সকালের দিকে পাঁচমাথা মোড় এলাকায় অফিসার্স কলোনি এলাকার একটি রেলওয়ে ভবনে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, আজ সকালের দিকে কয়েকজন ব্যক্তি লাল পতাকা টাঙিয়ে রেলওয়ের অফিসার্স কলোনির ১১০ নম্বর ভবনটির সামনে উঁচু টিন দিয়ে ঘিরতে থাকেন। সেটি দেখে স্থানীয়রা সেখানে জড়ো হন। পরে স্থানীয়রা রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানালে রেলওয়ের কর্মকর্তারা ও পুলিশের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। পরে জায়গাটি ঘেরার কাজে ব্যবহৃত টিনসহ বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়েছে ।
তবে ব্যবসায়ী রানার দাবি, জায়গাটি তিনি লিজ নিয়েছেন। তিনি বলেন, ওই জমির বিপরীতে আমার বৈধ কাগজপত্র রয়েছে। আমি জমিটি লিজ নিয়েছি। নিরাপত্তার জন্য সেখানে বেড়া দিচ্ছি।
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, রেলওয়ের কোনো জায়গা কাউকে দখল করতে দেওয়া হবে না। প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ১১০ নম্বর ভবনটি রেলওয়ের কল্যাণ ট্রাস্টের নামে বরাদ্দ রয়েছে। বরাদ্দকৃত জমিতে মার্কেট নির্মাণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button