খুলনা বিভাগে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ভর্তি ৩৩০ : মৃত্যু ৩

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় দুইজন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৪৫৫ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৫১ জনের।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের ৪ অক্টোবরের পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সর্বোচ্চ ১১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতলে ৫৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন, মাগুরায় ৩৭, ঝিনাইদহে ৩৫, যশোরে ২৩, নড়াইলে ১৯, বাগেরহাটে ১৬, সাতক্ষীরায় ৮, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৭, কুষ্টিয়ায় ৬, মেহেরপুরে ৬ এবং চুয়াডাঙ্গায় ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ভর্তি হওয়া ১৪ হাজার ৪৫৫ জনের মধ্যে ১২ হাজার ৮২৩ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত ৩৪২ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।
জেলা হিসেবে চলতি বছর খুলনায় সবচেয়ে বেশি ৫ হাজার ৫৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ জেলায় মৃত্যু হয়েছে ১৮ জনের। বাগেরহাটে ১ হাজার ৯২৩ জন ভর্তি ও ৩ জনের মৃত্যু, যশোরে ১ হাজার ৪৪০ জন ভর্তি ও ২ জনের মৃত্যু এবং সাতক্ষীরায় ৪০৮ জন ভর্তি ও ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছর এ পর্যন্ত ২ হাজার ৯০১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সেখানে মৃত্যু হয়েছে ২৬ জনের। বর্তমানে হাসপাতালটিতে ২৬২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।



