শিক্ষক দিবসে শিক্ষার্থীদের সচেতন করতে হাসিমুখ ফাউন্ডেশনের প্রেরণামূলক লিফলেট বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে হাসিমুখ ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহ, সচেতনতা ও শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির উদ্দেশ্যে প্রেরণামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এবারের কর্মসূচিতে হাসিমুখ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়Ñ “শিক্ষক বাঁচুক সম্মানে, শিক্ষা এগিয়ে যাক মর্যাদায়।” কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষক-শিক্ষিকার প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শনের পাশাপাশি শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। হাসিমুখ ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নওসাদজ্জামান পল্টু বলেন, “শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর এবং আগামী দিনের পথপ্রদর্শক। একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের অবদান অপরিসীম। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত শিক্ষকের প্রতি যথাযথ শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন করা। ফাউন্ডেশনের সহ-সভাপতি বনানী সুলতানা ঝুমু বলেন, “হাসিমুখ ফাউন্ডেশন বিশ্বাস করে, একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সঞ্চিতা দে বলেন, “শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক কল্যাণের পাশাপাশি শিশুদের ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক এবং শিক্ষার মর্যাদা বৃদ্ধিতে জনসচেতনতা তৈরির উদ্যোগ হাসিমুখ ফাউন্ডেশন অব্যাহত রাখবে।”কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর ইসলাম, কোষাধ্যক্ষ আল মামুন বাদল, সাংগঠনিক সম্পাদক মেজবাহ, শিক্ষা ও শিশু উন্নয়ন সম্পাদক মনোয়ার হোসেন লাভলু, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুল হক এবং প্রচার সম্পাদক ইরাক আলী। শিশুদের শিক্ষা ও নৈতিক বিকাশে পরিবার, শিক্ষক এবং সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও শিক্ষার্থী ও শিক্ষকদের সম্পৃক্ত করে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি পালন করবে সংগঠনটি।



