স্থানীয় সংবাদ

নগরীতে সাবেক জামাইয়ের গুলিতে বিএনপি নেতা আহত

স্টাফ রিপোর্টার : খুলনায় পারিবারিক কলহের জের ধরে সাবেক জামাই আবিরের গুলিতে ইকবাল শেখ (৪৬) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে নগরীর লবণচরা থানাধীন ইসলামপাড়া প্রথম গলিতে এ ঘটনা ঘটে। গুলিটি তার বাম পায়ে লাগে।
আহত ইকবাল শেখকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল শেখের মেয়ে সুমাইয়ার সঙ্গে আবিরের প্রায় চার মাস আগে ডিভোর্স হয়। এরপর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরেই রোববার সকালে ইকবাল শেখকে গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button