তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা : আটক ৩

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা ও কর্তব্যরত পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে । রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরে তালা থানা ওসির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ অভিযান চালিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করেন। একই সাথে ঘটনার সাথে জড়িত থাকায় ৩জন মাদক কারবারিকে আটক করা হয়।
জানা গেছে, তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সোহেল শেখ এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে পুলিশকে সহযোগীতা করে আসছিলেন। তাঁর সহযোগীতায় ইতোপূর্বে একাধিক মাদক কারবারি পুলিশের হাতে গ্রেপ্তার হয়। মাদকের তথ্য থানা পুলিশকে জানানোর ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত ৩ অক্টোবর রাতে হাজরাকাটি বাজারে গ্রাম পুলিশ সোহেলকে হুমকি প্রদানসহ মারপিট করা হয়। এঘটনায় সোহেল তালা থানায় একটি জিডি করেন। জিডির সূত্র ধরে রোববার রাত সাড়ে ৯টার দিকে তালা থানার এসআই তপনের নেতৃত্বে পুলিশের একটি দল হাজরাকাটি গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশ হযরত নামে এক অভিযুক্তকে আটক করলে তাঁর সহযোগী অন্য মাদক কারবারিরা সংবদ্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয়। তারা মব সৃষ্টি করে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিতে পুলিশ দলকে অবরুদ্ধ করে রাখে।
পরিস্থিতি অবনতি হওয়ার খবর পেয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান এবং অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় স্থানীয় যুবদল নেতা নুরুল ইসলাম বিশ্বাস ওরফে নুরু’র নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ উঠেছে। তবে, এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এসআই তপন জানান, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর মব সৃষ্টি ও মাদক সংশ্লিষ্টতায় হাজরাকাটি গ্রামের মৃত আপু বিশ্বাসের ছেলে মো. ফারুক বিশ্বাস, নূর ইসলাম বিশ্বাসের ছেলে রফিকুল বিশ্বাস এবং মোসলেম খাঁ’র ছেলে রাশেদ খাঁকে আটক করা হয়েছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, গ্রাম পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় করা জিডি’র ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। সেখানে পুলিশের কাজে বাধা দিয়ে পুলিশের উপর মব সৃষ্টি করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে। সরকারি কাজে বাধা প্রদান এবং মাদক কারবারের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



