স্থানীয় সংবাদ

তেরখাদা থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার, দিলেন গুরুত্বপূর্ণ নির্দেশনা

তেরখাদা প্রতিনিধি : খুলনার তেরখাদা থানা আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক আকস্মিক এ পরিদর্শনে তিনি থানার দাপ্তরিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের আরও পেশাদার, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন। থানার দৈনন্দিন কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা এবং জনগণকে দেওয়া সেবার বিষয়েও খোঁজখবর নেন তিনি।
এ সময় থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন সরকার ওমর ফারুক। দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারত্ব, সততা ও নিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।
পুলিশ সদস্যদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, সাধারণ মানুষ বিপদে পড়ে পুলিশের কাছে আসে। তাই থানায় সেবা নিতে আসা প্রত্যেক নাগরিকের সঙ্গে দায়িত্বশীল ও আন্তরিক আচরণ করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশের প্রতি মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে মাঠপর্যায়ে সক্রিয় থাকার জন্যও কর্মকর্তাদের নির্দেশনা দেন পুলিশ সুপার। স্থানীয় পর্যায়ে কোনো ধরনের অপরাধ, বিশৃঙ্খলা বা নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনের সময় গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন জেলা পুলিশ সুপার। স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ, অপরাধ প্রতিরোধ এবং পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়ে তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শনকে ঘিরে থানার কর্মকর্তা ও সদস্যরা তাকে স্বাগত জানান। পরিদর্শন শেষে তিনি থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশের পাশাপাশি দায়িত্ব পালনে আরও আন্তরিক ও জনবান্ধব হওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এ সময় তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তহিদুল ইসলামসহ থানার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button