স্থানীয় সংবাদ

খুলনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু : নতুন ভর্তি ৩০২

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় ২ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়৷ একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩০২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে।
মঙ্গলবার (৬ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৩০২ জনের মধ্যে সরকারি হাসপাতালে ২৩১ জন এবং বেসরকারি হাসপাতালে ৭১ জন ভর্তি হয়েছেন। নতুন ভর্তি রোগীদের মধ্যে খুলনা জেলায় ১৪৩ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪ জন রয়েছেন। বাগেরহাটে ৩৫, যশোরে ১৮, নড়াইলে ১৮, সাতক্ষীরা জেলায় ১৩, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩, মাগুরায় ১০, মেহেরপুরে ৮, কুষ্টিয়ায় ৭ এবং চুয়াডাঙ্গায় ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে দুজন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগে মোট ১৫ হাজার ৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৩ হাজার ৩৭৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
একদিনে ৩০২ জন নতুন রোগী ভর্তি এবং তিনজনের মৃত্যুর ঘটনায় খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button