অপরাধ দমনে খুলনা জেলা পুলিশের স্পেশাল ড্রাইভ, প্রথম দিনেই আটক ৯৫

# প্রেস কনফারেন্সে খুলনার পুলিশ সুপার #
স্টাফ রিপোর্টার ঃ সাম্প্রতিক সময়ে সংঘটিত কয়েকটি অপরাধ, বিশেষ করে টার্গেট কিলিংয়ের ঘটনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনায় বিশেষ অভিযান (স্পেশাল ড্রাইভ) শুরু করেছে জেলা পুলিশ। অভিযানের প্রথম দিনেই জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৫ জনকে আটক ও গ্রেফতার করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার সরকার ওমর ফারুক।
পুলিশ জানায়, জেলার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে সংঘটিত কয়েকটি ঘটনা, বিশেষ করে টার্গেট কিলিংয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা আরও সুসংহত করতে বিশেষ অভিযান শুরু করা হয়েছে।
খুলনা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ৬ অক্টোবর রাত থেকে এ বিশেষ অভিযান শুরু করে। অভিযানে মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, দুষ্কৃতকারী ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আদালতের পরোয়ানা তামিলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
পুলিশের তথ্যমতে, স্পেশাল ড্রাইভের প্রথম দিনেই জেলার বিভিন্ন ইউনিটের অভিযানে মোট ৯৫ জনকে আটক ও গ্রেফতার করা হয়েছে। আটক ও গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
জেলা পুলিশ জানায়, জনগণের জানমালের নিরাপত্তা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ আরও জানায়, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দৈনন্দিন জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পূজার সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়েও জেলা পুলিশের নজরদারি থাকবে।
খুলনা জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে উল্লেখ করে পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, জেলার শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিক, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে খুলনা জেলা পুলিশ।



