স্থানীয় সংবাদ

২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ডেঙ্গুতে ২ মৃত্যু : হাসপাতালে ভর্তি ২৯২

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২৩৩ জন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ২৯২ জনের মধ্যে সরকারি হাসপাতালে ২৩৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৫৯ জন ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা ও ঝিনাইদহ জেলায় একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
গত ১ জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগে মোট ১৫ হাজার ৬২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৩ হাজার ৯৩৭ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ২৩৩ জন এবং উন্নত চিকিৎসার জন্য ৩৯২ জনকে রেফার্ড করা হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি চাপ ছিল খুলনা জেলায়। সেখানে নতুন করে ১০৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৬ জন। একই সময়ে বাগেরহাটে ৩৬, যশোরে ২৮, ঝিনাইদহে ১৯, কুষ্টিয়ায় ১৩, নড়াইলে ১২, মেহেরপুরে ১০, সাতক্ষীরায় ৮, মাগুরায় ৭, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ এবং চুয়াডাঙ্গায় ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাতেও খুলনা জেলা শীর্ষে রয়েছে। জেলায় এ পর্যন্ত ৫ হাজার ৯৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৫৭ জন এবং বাগেরহাটে ২ হাজার ৯৮ জন রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, ডেঙ্গু পরিস্থিতিতে খুলনা বিভাগের হাসপাতালগুলোতে রোগীর চাপ এখনও অব্যাহত রয়েছে। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা ব্যবস্থাপনার ওপরও বাড়ছে চাপ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button