স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ভর্তি ১৪০ : মৃত্যু ১

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। নতুন ভর্তি রোগীদের মধ্যে সরকারি হাসপাতালে ১০১ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৯ জন চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার (৯ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগে মোট ১৫ হাজার ৭৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মোট ৬০ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪ হাজার ১১১ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ১৯৮ জন। এ ছাড়া এ সময়ের মধ্যে ৩৯২ জন রোগীকে অন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সবচেয়ে বেশি ৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৯ জন ভর্তি হয়েছেন। এ সময়ে বাগেরহাটে ২৫ জন, যশোরে ১৭ জন, মেহেরপুরে ৯ জন, কুষ্টিয়ায় ৬ জন এবং সাতক্ষীরা, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও নড়াইলে তিনজন করে নতুন রোগী ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে আরও দেখা যায়, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত খুলনা জেলায় ৬ হাজার ৭২ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বাগেরহাটে ২ হাজার ১২৩ জন, যশোরে ১ হাজার ৫৫৫ জন, নড়াইলে ৫৭৪ জন, সাতক্ষীরায় ৪৬৭ জন, ঝিনাইদহে ৪২১ জন, কুষ্টিয়ায় ৩৮৩ জন, মাগুরায় ৩৫০ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩২৮ জন, মেহেরপুরে ২৯৮ জন এবং চুয়াডাঙ্গায় ১৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button