খালিশপুর দুর্বার সংঘের নতুন সদস্যকরণ ও ভোট প্রক্রিয়া নিয়ে জটিলতার প্রতিবাদে রবিবার মিছিল

স্টাফ রিপোর্টারঃ খালিশপুর দুর্বার সংঘ নামক এই সামাজিক সংগঠনটি দীর্ঘ দিন ধরে সামাজিক কর্মকান্ড নিয়ে তার সুনাম ধরে রেখেছে। কিন্তু সম্প্রতি এই সামাজিক সংগঠনটি নিয়ে শুরু হয়েছে নানা ধরনের মত পার্থক্য। সংগঠনটির বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নতুন সদস্যকরণ ও ভোট প্রক্রিয়া নিয়ে এ জটিলতা সৃষ্টি হয়েছে। সে সমস্যার ধারাবাহিকতায় নতুন ৮৪ সদস্য ভোটার তালিকা থেকে বাদ দেয়ার চেষ্টার প্রতিবাদে আগামী রবিবার সন্ধ্যা ৬টার সময় খালিশপুরে মিছিল ও মানববন্ধনের কর্মসূচী গ্রহণ করেছে ক্ষুব্দ সদস্যরা। একই সাথে তারা হুইপ ও সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলের নিকট স্মারক লিপি দিবে বলে জানিয়েছেন। এ সংগ্রামের নেতৃত্বে রয়েছেন যুবদল নেতা জাহিদুল ইসলাম। হুইপ-এর নিকট দাখিল করার জন্য প্রস্তুতকৃত স্মারক লিপিতে উল্লেখ করা হয়, “আমরা ৮৪ জন নতুন সদস্য ঐতিহ্যবাহী দুর্বার সংঘের বর্তমান কার্যকরী পরিষদের পূর্ণ মেয়াদ ১৮মার্চ’২৬ তারিখ সময়ের মধ্যে প্যানা এবং নোটিশের মাধ্যমে অবগত হয়ে দরখাস্ত জমা প্রদান করে। পরবর্তীতে দুর্বার সংঘের যাচাই বাছাই কমিটির মাধ্যমে ২৭ জানুয়ারীর মধ্যে ভর্তি, মাসিক চাঁদা এবং ফর্ম ফিসহ দু’ হাজার একশত প্রদান করে রশিদ সংগ্রহ করে সদস্যপদ প্রাপ্ত হই। ইতিমধ্যে সদস্যপদ প্রাপ্তির নয় মাস অতিবাহিত হয়েছে। আসন্ন দুর্বার সংঘের ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রীমহলের প্ররোচনায় আমাদের নতুন সদস্যপদ বাদ দেয়ার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। উক্ত ৮৪ জনের সদস্যপদ যাতে বাদ না হয় এবং চুড়ান্ত ভোটার তালিকায় অর্ন্তভূক্তি হয় তার জন্য বিনীত প্রার্থনা করছি।” সংঘের বর্তমান সভাপতি মেহেদী হাসান বলেন, সংঘের কোন সাধারণ সভা না করেই নির্বাচন পরিচালনা কমিটি গঠন সম্পূর্ণবিধি বর্হিভূত। হুইপ সাহেব যে কমিটি গঠন করেছেন সেই কমিটির নেতাদের প্রতি অনুরোধ, তারা যেন নিয়ম মেনে ভবিষ্যত কার্যক্রম পরিচালনা করেন। তা না হলে ক্ষুব্দ সদস্যদের দ্বারা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনারা দায়ী থাকবেন।



