তিন দিনের ব্যবধানে কেসিসির দুই চালকের মৃত্যু : দক্ষতা ও নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মারা গেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) চালক কামরুল ইসলাম (৪০)। শনিবার (১০ অক্টোবর) দুপুরে নগরীর জয় বাংলা মোড়ে দুটি ট্রাকের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরদিন রোববার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গত ৮ অক্টোবর কেসিসির গ্যারেজে ময়লার কনটেইনারবাহী গাড়ির চাপায় আব্দুস সালাম (৪৮) নামে আরেক চালক নিহত হন। মাত্র তিন দিনের ব্যবধানে কেসিসির দুই চালকের মৃত্যুতে সংস্থাটির যানবাহন পরিচালনা, চালকদের দক্ষতা ও নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, শনিবার দুপুর ১২টার দিকে কেসিসির ময়লার কনটেইনারবাহী একটি ট্রাক নিয়ে জয় বাংলা মোড় থেকে জিরো পয়েন্টের দিকে যাচ্ছিলেন চালক কামরুল ইসলাম। পথে তিনি গাড়িটির নিয়ন্ত্রণ হারালে সেটি অপর একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে কামরুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। কেসিসির যান্ত্রিক শাখার উপসহকারী প্রকৌশলী মো. সেলিমুল আজাদও সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলামের আহত হওয়া এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কামরুল ইসলাম নগরীর শিববাড়ি মোড় এলাকার বাসিন্দা ইয়াকুব আলীর ছেলে।
এর আগে গত ৮ অক্টোবর নগরীর সোনাডাঙ্গা থানাধীন পাওয়ার হাউজ এলাকায় কেসিসির গ্যারেজে ময়লার কনটেইনারবাহী গাড়ির চাপায় আব্দুস সালাম (৪৮) নামে আরেক চালক নিহত হন। কেসিসির চালক আব্দুর বারেক ময়লার কনটেইনারবাহী গাড়িটি গ্যারেজ থেকে বের করার সময় পাশে থাকা অপর চালক আব্দুস সালাম চাপা পড়ে নিহতের ঘটনা ঘট। নিহত আব্দুস সালাম ও গাড়িচালক আব্দুর বারেকÑদুজনই কেসিসির চালক পদে কর্মরত। নিহত আব্দুস সালাম লবণচরা থানাধীন নিজ খামার এলাকার বাসিন্দা। তিনি মেসের আহম্মেদের ছেলে।
এদিকে, সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সাবেক আওয়ামী লীগের খুলনা মহানগর সভাপতি ও সাবেক কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেকের দায়িত্বকালীন সময়ে বেশ কয়েকজন হেলপারকে কেসিসিতে গাড়িচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে কারও কারও ভারী যানবাহন চালানোর পর্যাপ্ত দক্ষতা ও অভিজ্ঞতা ছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।



