ভগ্নিপতির বিরুদ্ধে দখল, মিথ্যা মামলা ও নির্যাতনের অভিযোগ

খুলনায় সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন বাগেরহাটের গোলাম রসুল
স্টাফ রিপোর্টার : বাগেরহাটের ফকিরহাট উপজেলার ধনপোতা গ্রামের বাসিন্দা গোলাম রসুল তাঁর ভগ্নিপতি মজিদ শেখের বিরুদ্ধে জমি দখল, মিথ্যা মামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন। নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং জমিসংক্রান্ত বিরোধের সুষ্ঠু তদন্তের দাবিতে তিনি সংবাদ সম্মেলন করেছেন। রোববার খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গোলাম রসুল এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, ১৯৮৮ সালে তাঁর বাবা আমিন উদ্দিন শেখ ও ভগ্নিপতি মজিদ শেখ যৌথভাবে মোট ৬৮ শতক জমি ক্রয় করেন। জমির দাম কম থাকায় মজিদ শেখ তাঁর অংশের ৩৪ শতক জমি আমিন উদ্দিন শেখের কাছে বিক্রি করে দেন বলে দাবি করেন তিনি। পরবর্তী সময়ে ওই জমিতে বসতভিটা ও বাগানবাড়ি গড়ে তোলা হয়।
গোলাম রসুলের দাবি, ২০০৯ সালে তাঁর বাবা তিন ছেলের নামে ওই ৩৪ শতক জমি হেবা দলিল করে দেন। কিন্তু জমির দাম বেড়ে যাওয়ার পর মজিদ শেখ জমির মালিকানা দাবি করে ২০০৭ সালে বাগেরহাট আদালতে একটি মামলা করেন। মামলাটি চলমান থাকা অবস্থায় ২০১২ সালে তাঁর বাবা মারা যান বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে মজিদ শেখের পক্ষ থেকে তাঁকে ফাঁসাতে মামলা করা হয়। এ ঘটনায় আদালতে আপিল করার পর ২০১৯ সালের ২৭ জুলাই কাটাখালী মোড়ে তাঁকে মারধর করা হয় বলে দাবি করেন তিনি। পরে তাঁকে বাড়িতে নিয়ে আটকে রেখে নির্যাতন করা হয় এবং একপর্যায়ে তাঁর হাত ভেঙে যায় বলেও অভিযোগ করেন গোলাম রসুল।
লিখিত বক্তব্য অনুযায়ী, ওই ঘটনায় চিকিৎসা নেওয়ার পর ২০১৯ সালের ১ আগস্ট ফকিরহাট থানায় তিনজনকে আসামি করে মামলা করেন তিনি। এরপর থেকে বিভিন্নভাবে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন গোলাম রসুল।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, জমির মালিকানা ও দলিলসংক্রান্ত বিরোধের যথাযথ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা প্রয়োজন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে নিরপেক্ষ তদন্ত এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।



