স্থানীয় সংবাদ

নগরীতে এক লাখ টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা : দুই আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : খুলনায় এক লাখ টাকা চুরির অপবাদ দিয়ে সাজমীর ইসলামকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা চাঞ্চল্যকর মামলার এজাহারভুক্ত ৩ ও ৪ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানি। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন মহেশ্বরপাশা এলাকা ও ফুলবাড়ী গেট পুলিশ বক্সের সামনে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আকাশ (২২) ও সাকিব (২১)। আকাশ খানজাহান আলী থানার ফুলবাড়ী গেট এলাকার মৃত ওমর আলীর ছেলে। সাকিব দৌলতপুর থানার সেনপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে। এসআরবি-৬ স্পেশাল কোম্পানি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাজমীর ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি আকাশ ও ৪ নম্বর আসামি সাকিবকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সাজমীর ইসলাম খানজাহান আলী থানাধীন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্যাম্পাসের পকেট গেটের সামনে তন্বী স্টোর নামের একটি চায়ের দোকানে কাজ করতেন। গত ৬ সেপ্টেম্বর তাঁকে এক লাখ টাকা চুরির অপবাদ দিয়ে গ্রেপ্তার দুই আসামিসহ মামলার অন্য আসামিরা গুরুতর জখম করেন বলে অভিযোগ রয়েছে। পরে তাঁকে কুয়েট ক্যাম্পাসের মেডিকেলের সামনে ফেলে রেখে যাওয়া হয়। এ সময় মামলার ১ ও ২ নম্বর সাক্ষী তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ সেপ্টেম্বর সাজমীরের মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর মা শাহানারা বেগম খানজাহান আলী থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button