খুলনায় নাবিল গ্রুপের রিজিওনাল পার্টনার্স মিট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ‘সাফল্যের পথে একসাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় অনুষ্ঠিত হয়েছে নাবিল গ্রুপের রিজিওনাল পার্টনার্স মিট-২০২৬। শনিবার (১৭ অক্টোবর) খুলনার একটি স্থানীয় হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০টি জেলার প্রায় ১৫০ জন ডিলার ও পরিবেশক অংশ নেন। নাবিল গ্রুপের ধারাবাহিক অংশীদারত্বমূলক উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি, বাজার সম্প্রসারণ, পণ্য ও সেবার মানোন্নয়ন এবং ডিলার-পরিবেশকদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবিল এগ্রি বিজনেসের সিইও মাহবুব হাসান, পালস বিজনেসের সিইও সাজ্জাদ হোসেন, হেড অব ট্রেড বিজনেস মো. শরিফুল ইসলাম, হেড অব ফিড বিজনেস ছানোয়ার হোসেন, হেড অব মার্কেটিং আখতারুজ্জামান, হেড অব ফ্লাওয়ার বিজনেস জিল্লুর রহমান, হেড অব করপোরেট অ্যাফেয়ার্স রোকনুজ্জামান এবং হেড অব রাইস বিজনেস শহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মতবিনিময় পর্বে নাবিল গ্রুপের বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন কর্মকর্তারা। বাজারের চাহিদা অনুযায়ী ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করা, নতুন বাজারে প্রবেশের সুযোগ তৈরি এবং বিদ্যমান বাজারে প্রতিষ্ঠানের অবস্থান শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় ডিলার ও পরিবেশকদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, মতামত ও বিভিন্ন প্রস্তাব গুরুত্বের সঙ্গে শোনা হয়। এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে পণ্য ও সেবার মানোন্নয়ন, গ্রাহকদের কাছে পণ্য আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া এবং ব্যবসায়িক কার্যক্রমে সমন্বয় বাড়ানোর বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে নাবিল এগ্রি বিজনেসের সিইও মাহবুব হাসান বলেন, “ডিলার ও পরিবেশকরা নাবিল গ্রুপের ব্যবসায়িক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা, আস্থা ও কার্যকর সমন্বয়ের ভিত্তিতে আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রম আরও বিস্তৃত করতে চাই।” অনুষ্ঠানের শেষপর্বে ডিলার ও পরিবেশকরা বাজারে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। নাবিল গ্রুপের কর্মকর্তারা এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সম্ভাব্য সমাধানের দিকনির্দেশনা দেন। এ সময় সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ, বাজারে প্রতিষ্ঠানের অবস্থান আরও সুদৃঢ় করা এবং গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।



