খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ১২ প্রতিষ্ঠানকে ৭৬ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগজুড়ে বাজার দর নিয়ন্ত্রণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক সরবরাহ নিশ্চিতে খুলনা বিভাগীয় ও জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্যাপক অভিযান পরিচালনা করেছে। আজ শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিভাগটির আওতাধীন বিভিন্ন জেলায় একযোগে সাতটি তদারকি টিমের পরিচালিত অভিযানে ১২টি প্রতিষ্ঠানকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, চাল, ভোজ্যতেল, এলপিজি গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেবা, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজার দর পর্যবেক্ষণ করা হয়। সেই সঙ্গে ক্রয়-বিক্রয় ভাউচার যাচাই করে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির কঠোর বার্তা দেওয়া হয়।
খুলনা মহানগরী ও জেলা : খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে মহানগরীর হরিণটানা থানার জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে সেবা সরবরাহে অবহেলার অপরাধে ‘মিম পোল্ট্রি এন্ড ফিস ফিড’-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামান সোনাডাঙ্গা থানার বয়রা বাজারে অভিযান চালিয়ে ‘শাহরুখ স্পোর্টস’-কে ৮ হাজার টাকা জরিমানা করেন।
অন্য এক অভিযানে খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব মহানগরীর প্রান্তিকা, নিরালা, সিমেট্রি রোড ও মজিদ সরণি এলাকায় তদারকি চালিয়ে চার প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে ‘ইলোরা ড্রিংকিং ওয়াটার’-কে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও বিক্রির অপরাধে ‘তৃষ্ণা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-কে ৮ হাজার টাকা, ‘মিম কনফেকশনারি’-কে ১ হাজার টাকা এবং ‘বিসমিল্লাহ বেকারি’-কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে মিরপুর উপজেলার পোড়াদহ বাজারে অভিযান চালানো হয়। সেখানে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত ও মোড়ক ব্যবহার না করায় ‘তনুশ্রী মিষ্টান্ন ভা-ার’-কে ২০ হাজার টাকা, ‘সজীব স্টোর’-কে ১ হাজার টাকা এবং মূল্য তালিকা না রাখায় ‘আমীন হোটেল’-কে ২ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
যশোর, সাতক্ষীরা ও ঝিনাইদহ : যশোর সদরের গরিবশাহ রোড এলাকায় সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের অভিযানে নোংরা ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অপরাধে ‘আমাদের বেকারী’-কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরা সদরের মধ্য কাটিয়া বাজারে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে পরিচালিত অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ‘মেসার্স ফিরোজা মেডিকেল হল’-কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ঝিনাইদহ সদরের এইচ এস এস রোড এলাকায় সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে অভিযান চালিয়ে ‘হালাল শপ’-কে নিয়মবহির্ভূত খাদ্য উৎপাদনের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অসাধু ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখা এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়।



