স্থানীয় সংবাদ

সুন্দরবনের অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে আট জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে মাছ ধরার কাজে ব্যবহৃত দুটি ডিঙি নৌকা, আনুমানিক ২৫ কেজি সাদা মাছ ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নটাবেকী অভয়ারণ্য এলাকার রায়মঙ্গল নদী থেকে তাদের আটক করা হয়। পরে শনিবার (১৭ অক্টোবর) তাদের আদালতে সোপর্দ করা হয়। আটকরা হলেন- জুলহাসের ছেলে মোঃ জাহিদ হাসান (৪২), লিয়াকত আলী গাজীর ছেলে মোঃ মফিজুল গাজী (২৮), আফছার আলীর ছেলে মোঃ রবিউল ইসলাম (৪৫), আব্দুল সরদারের ছেলে মোঃ ইছা সরদার (৩৫), ফজলু হক গাজীর ছেলে মোঃ রিজাউল গাজী (৪৫), মোঃ মুনছুর তরফদারের ছেলে মোঃ রইবুল ইসলাম (৩২), আঃ জাহিদের ছেলে নাহিদ হাসান (২৮) ও জুলহক গাজীর ছেলে মোঃ কওছার গাজী (৩৯)। তারা সবাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্বকৈখালী গ্রামের বাসিন্দা।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশনের আওতাধীন নটাবেকী অভয়ারণ্য এলাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম (ডেপুটি রেঞ্জার) সঙ্গীয় স্টাফদের নিয়ে সংরক্ষিত সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় রায়মঙ্গল নদীর বাওন এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় ওই আট জেলেকে আটক করা হয়।
এ বিষয়ে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের কাছে জানতে চাইলে তিনি বলেন যে, বনবিভাগের নিয়মিত টহলের সময় তারা নৌকা ও মাছসহ আট জেলেকে আটক করতে সক্ষম হয়েছেন। বনবিভাগের এধরনের টহল অব্যাহত থাকবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button