নগরীতে গুলি করে মোবাইল ছিনতাই : যুবক আহত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকায় গুলি করে এক যুবকের মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে একটি মসজিদের সামান্য সামনে এ ঘটনা ঘটে। এতে ওই যুবকের বাম ঊরুতে গুলি লাগে। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত যুবকের নাম শেখ জুম্মান রহমান বিশাল (২৭)। তিনি পশ্চিম টুটপাড়া দারোগা বস্তি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম লুৎফর শেখ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বিশাল পশ্চিম টুটপাড়া আমতলা মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে হেলমেট ও মাস্ক পরা তিন ব্যক্তি সেখানে আসে। একপর্যায়ে তারা বিশালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর বাম ঊরুতে গুলি লাগে। পরে তাঁর কাছে থাকা ভি৭৫ মডেলের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ বিশালকে স্বজনেরা উদ্ধার করে রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, ঘটনার কারণ উদ্ঘাটনে পুলিশ ও এসআরবির কয়েকটি দল কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।



