‘প্রধানমন্ত্রীর সাথে হাত মিলাইছি, জীবন সার্থক, আর কি লাগে’

স্টাফ রিপোর্টার : ‘আলহামদুলিল্লাহ। আমি কার সাথে কথা কলাম। আমার জীবন সার্থক। বাদাম বেচি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে হাত মেলাইছি। আর কি লাগে।’
দক্ষিণ অঞ্চল সফরে এসে খুলনার দাকোপে হেলিকপ্টার থেকে নামার পর পায়ে হেঁটে লঞ্চঘাটে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে হাত মেলানোর পর উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু এভাবে অনুভূতি প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা ২৮ মিনিটে হেলিকপ্টারে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন। পরে সেখান থেকে পায়ে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনে যান তিনি।
সড়কের দু’ পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এ সময় নেতাকর্মীরা তাকে বিভিন্ন স্লোগান দিয়ে শুভেচ্ছা জানান। যাওয়ার সময় প্রধানমন্ত্রী অনেকের সাথে হাত মেলান। আবার অনেকের মাথায় হাত বুলিয়ে দেন। এর মধ্যে স্থানীয় বাদাম বিক্রেতা রাজুর সাথে হাত মেলান তিনি। এসময় প্রধানমন্ত্রীকে তিনি বলেন, অসংখ্য ধন্যবাদ স্যার। আমার খুব ভালো লাগছে।
সকাল ১০টা ৪৮ মিনিটে পন্টুন থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি নৌপথে বানৌজা মোংলার জেটিতে পৌঁছান।দুপুর ১টায় মধ্যাহ্নবিরতির কর্মসূচি রয়েছে। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেবেন তিনি।
বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল ৩টা ১৫ মিনিটে তিনি প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখবেন। দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি এবং বিকেল ৫টায় ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন এবং জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



