থুকড়ায় মসজিদের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি

স্টাফ রিপোর্টার : ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের থুকড়া বাজার বাইতুল সালাম কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে আঘাতপ্রাপ্ত হয়েছেন স্থানীয় বিএনপি নেতাসহ কয়েকজন। শুক্রবার (২৩ অক্টোবর) বাদ জুম্মা মসজিদে এ হাতাহাতির ঘটনা ঘটে।
মুসল্লী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মুসল্লীদের সম্মতিক্রমে ওই মসজিদের ইমাম মুফতী ইয়াসিন মাইকে মসজিদ কমিটির সভাপতি পদে খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রঘুনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গাজী তফসীর আহমেদ, সাধারণ সম্পাদক বি এম আল-মামুন ও কোষাধ্যক্ষ হিসেবে গাজী গোলাম রব্বানী বাবু’র নাম ঘোষণা করেন। নাম ঘোষণা করা মাত্রই স্থানীয় ইউপি সদস্য আলী আজম ক্ষিপ্ত হয়ে নিজেই ইমামের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেয়। কেড়ে নিয়ে তিনি নিজেই মাইকে ঘোষণা দেন ‘এখানে আমি যেটি বলবো সেটিই হবে’। এই কথা বলা মাত্রই দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি, চেচামেচি ও হাতাহাতি শুরু হয়।
এক পর্যায়ে চিহৃিত কিছু ব্যক্তি ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বি এম ছাদেকুল ইসলাম, রঘুনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বি এম আব্দুল মান্নান বিশ্বাস ও গাজী আজিমসহ আরও কয়েকজনকে আঘাত করে। খবর পেয়ে স্থানী ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লিখিত ঘটনায় স্থানীয় মুসল্লীদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী, স্থানীয় মুসল্লী ও এলাকাবাসী।
থুকড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, থুকড়ায় মসজিদের কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। তবে বড় ধরনের কোন ঘটনা ঘটে কেউ আহত হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম।
বিষয়টি জানতে মসজিদের ইমাম ও মুফতী ইয়াসিনের মুঠো ফোনে কল করলে তিনি সংযোগটি কেটে দেন।
বিষয়টি জানতে ইউপি সদস্য আলী আজমের সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।



