স্থানীয় সংবাদ

একই দিনে তিন গুলির ঘটনায় খুলনাবাসী আতঙ্কিত

# সকালে যুবদল নেতা, সন্ধ্যায় মুদি দোকানদার আহত ও রাতেই সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে গুলি #

স্টাফ রিপোর্টার : খুলনায় একই দিনে পৃথক তিনটি ঘটনায় গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক যুবদল নেতা ও এক মুদি দোকানদার। অপর ঘটনায় নগরীর বাবুখান রোডে সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। তবে ক্লিনিক লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরপর এসব ঘটনায় নগরী ও আশপাশের এলাকার জনমনে উদ্বেগ আতঙ্ক সৃষ্টি হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে তেরখাদা উপজেলায় এবং সন্ধ্যায় নগরীর দক্ষিণ টুটপাড়ায় এ দুটি ঘটনা ঘটে। আহত দুজনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর দক্ষিণ টুটপাড়া ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে আকাশ কুমার কু- (৪৫) নামে এক মুদি দোকানদারকে গুলি করে দুর্বৃত্তরা। গুলিটি তাঁর পেটে বিদ্ধ হয়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে আসা হেলমেট পরা তিন যুবক আকাশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি বেঁচে আছেন বলে জানান ওসি। তিনি আরও বলেন, ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। গুলিবিদ্ধ আকাশ কুমার কু-ু টুটপাড়া গাছতলা মন্দিরের পূর্ব পাশের গলির বাসিন্দা শিব পদ কু-ুর ছেলে। এর আগে শনিবার সকাল ১১টার দিকে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে দুর্বৃত্তদের গুলিতে রামিম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা আহত হন। তিনি ওই গ্রামের হাবিবুর বিশ্বাসের ছেলে এবং মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানা গেছে। স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বেল্লাল মোল্লা জানান, শনিবার সকালে রামিম ভ্যানে করে কোলাবাজারে যাচ্ছিলেন। ভ্যানের ডান পাশে বসা অবস্থায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর পিঠের ডান পাশে গুলি লাগে। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলির খবর পেয়ে তেরখাদা মোকামপুর ক্যাম্পের ইনচার্জকে জানানো হয়েছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। তিনিও ঘটনাস্থলে যাচ্ছেন। কারা এ ঘটনায় জড়িত, তা তদন্তের পর বিস্তারিত জানানো হবে। এদিকে শনিবার রাতে নগরীর খুলনা থানাধীন বাবুখান রোডে সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে। ক্লিনিকটির বিপরীত দিক থেকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা গুলি ছোড়ে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই দিনে খুলনা নগরী ও জেলার পৃথক স্থানে তিন দফা গুলি ছোড়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এসব ঘটনার পেছনের কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের অগ্রগতি এখন গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button