নিরাপদ সড়ক অধরাই থেকে যাচ্ছে : চাই জরুরি পদক্ষেপ

সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে, প্রতিদিনই কেউ না কেউ হাত-পা হারিয়ে চিরতরে পঙ্গু হচ্ছে। সুস্থ মানুষ ঘর থেকে গন্তব্যের উদ্দেশে যাত্রা করে, কিন্তু অনেকে ঘরে ফেরে লাশ হয়ে। কতশত পরিবার দুর্ঘটনায় একমাত্র অবলম্বন হারিয়ে দিশাহারা অবস্থা। এভাবেই চলছে বছরের পর বছর। অথচ সময় বদলেছে, কত কিছুতে আধুনিকতার ছোঁয়া লেগেছেÑএর পরও দেশের সড়কে শৃঙ্খলা ফিরে না আসা হতাশাজনক চিত্রই বটে। নিরাপদ সড়ক অর্জনের পথে যেসব অন্তরায় রয়েছে, এসবের মধ্যে অনিয়মটাই বড় হয়ে সামনে আসে। বেশির ভাগ মানুষের মধ্যে সড়কে নিয়ম মানতে এক ধরনের অনীহা দেখা যায়। সরকারের সংশ্লিষ্ট দপ্তরে রয়েছে সীমাহীন দুর্নীতির অভিযোগ। টাকার বিনিময়ে চাইলে যে কেউ চালকের আসনে বসতে পারেন। রাজধানীর মতো সড়কে লক্কড়ঝক্কড় মার্কা বাস চলছে, এটি তো সবাই দেখছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও দেখছে। কিন্তু এমন বাস কেন সড়ক থেকে সরানো হচ্ছে না? এর সদুত্তর আমাদের জানা নেই। এদিকে গত বুধবার এক আলোচনা অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, পারস্পরিক দোষারোপ নয়, নিরাপদ সড়ক নিশ্চিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি। তিনি আরো বলেন, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে সরকার কাজ করছে। তাঁর কথায়, এ লক্ষ্য অর্জনে সরকার, পরিবহন মালিক, শ্রমিক, চালক, যাত্রী, আইন প্রয়োগকারী সংস্থা ও বিশেষজ্ঞদের সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। একটি কথা মনে রাখা দরকার, আমাদের দেশে আইনের কমতি নেই। নানা বিষয়ে আনুষ্ঠানিকতাও রয়েছে। কিন্তু যত ঘাটতি সব মাঠ পর্যায়ে দেখা যায়। আইন প্রয়োগকারী সংস্থার যেমন সমস্যা রয়েছে, তেমনি যাঁরা আইন মেনে চলবেন, তাঁদেরও অনীহা স্পষ্ট। ফুট ওভারব্রিজ থাকলেও কম মানুষই তা ব্যবহার করে। বেশির ভাগ মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হয়। অন্যদিকে চালকদেরও নিরাপদ গতিসীমা মেনে চলার অভ্যাস কম। আছে খামখেয়ালিপনা। অনেকে সাধারণ হেল্পার থেকে চালক হয়ে যান। সম্প্রতি বেশ কয়েকটি দুর্ঘটনায় দেখা গেছে, হেল্পার গাড়ি চালাচ্ছিলেন। কাজেই এই দিক থেকে মন্ত্রীর মন্তব্যটি তাৎপর্যপূর্ণÑএকে অপরকে দোষারোপ করার চেয়ে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হওয়া প্রয়োজন। আমরা মনে করি, দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে এলেও দুর্ঘটনায় দায়ীদের আইনের আওতায় আনতে হবে। যে প্রতিষ্ঠানের গাফিলতির কারণে অগণিত অদক্ষ চালক রাস্তায় নামছেন, সেই প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনতে হবে।
