খুলনার ৬ কলেজে শতভাগ ফেল : পাস করেনি একজনও

স্টাফ রিপোর্টার : ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় খুলনার ছয়টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে খুলনার ছয়টি কলেজ রয়েছে।
যশোর শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, খুলনার শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মডেল মহিলা কলেজ, ইনডিপেনডেন্ট আইডিয়াল কলেজ, পাইকগাছার কপিলমুনি সহচারী বিদ্যা মন্দির, কয়রা শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ, কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস কলেজ এবং খুলনা নিউজপ্রিন্ট মিলস স্কুল অ্যান্ড কলেজ। এসব প্রতিষ্ঠানের মধ্যে মডেল মহিলা কলেজ থেকে তিনজন, ইনডিপেনডেন্ট আইডিয়াল কলেজ থেকে ১১ জন, কপিলমুনি সহচারী বিদ্যা মন্দির থেকে তিনজন, কয়রা শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৭ জন, কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস কলেজ থেকে একজন এবং খুলনা নিউজপ্রিন্ট মিলস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন পরীক্ষায় অংশ নেন। কিন্তু এসব প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। এদিকে, পাইকগাছার কপিলমুনি সহচারী বিদ্যা মন্দিরের ফলাফল টানা দুই বছর ধরে হতাশাজনক। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে পাঁচজন পরীক্ষায় অংশ নিয়েও কেউ পাস করতে পারেননি। চলতি বছরও একই চিত্র দেখা গেছে। এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. আব্দুল মতিন বলেন, ২০২৫ সালে শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তাঁদের বক্তব্যও শোনা হয়েছে। কারণগুলো বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, চলতি বছরও শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। প্রয়োজনে এসব প্রতিষ্ঠানের অধিভুক্তি নবায়ন বন্ধ করে দেওয়া হতে পারে।



