জাতীয় সংবাদ

৫ম বারের মতো জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর হলেন কিশোরগঞ্জের চন্দন

প্রবাহ রিপোর্ট ঃ আবার মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটর নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের কৃতিসন্তান শেখ মুজাহিদুর রহমান চন্দন। তার এ বিজয়ে জেলার বাজিতপুর উপজেলার সরারচর গ্রামের বাড়িতে বইছে আনন্দের জোয়ার। এদিকে ছেলে পঞ্চমবারের মতো আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর নির্বাচিত হওয়ার খবরে খুশিতে আত্মহারা তার রতœগর্ভা মা সৈয়দা হাজেরা খাতুন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আমার ছেলে একদিন আমেরিকার রাষ্ট্রপতি হবে। হাজেরা খাতুন সরারচরে গ্রামের বাড়িতে থাকেন। এ মাসেই মাকে দেখতে ছুটে আসবেন শেখ মুজাহিদুর রহমান চন্দন ওরফে শেখ রহমান। ছোট ভাই বাংলাদেশ জাতীয় সংসদের স্বতন্ত্র এমপি শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, বড় ভাইয়ের এ বিজয়ে আমরা আনন্দিত। আমি, আমার মাসহ সবাই তার জন্য অপেক্ষা করছি। এ মাসের শেষ দিকে তিনি বাংলাদেশে আসবেন। জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-ফাইভ থেকে নির্বাচনে ডেমোক্রেট দল থেকে বিপুল ভোটে তিনি জয়ী হয়েছেন। প্রাথমিক হিসাবে তিনি ৩৫ হাজার ১০১ ভোট পেয়েছেন। এর আগে ১৯ মে ডেমোক্রেটিক দলের প্রাথমিক নির্বাচনে রবিন ম্যাককয়কে হারিয়ে দলের মনোনয়ন নিশ্চিত করেন তিনি। শেখ মুজাহিদুর রহমান চন্দনের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে উপজেলার সরারচর এলাকায়। তিনি বাংলাদেশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৫ আসনের এমপি শেখ মজিবুর রহমান ইকবালের বড় ভাই। শেখ মজিবুর রহমান ইকবাল বিএনপির রাজনীতি করতেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করে এমপি হয়েছেন তিনি। তার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আমেরিকা থেকে ছুটে এসেছিলেন শেখ মুজাহিদুল ইসলাম চন্দন। মুজাহিদুর রহমান চন্দন জর্জিয়ার প্রথম মুসলিম ও বালাদেশি বংশোদ্ভূত স্টেট সিনেটর। ২০১৮ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে তিনি অঙ্গরাজ্যটির পাঁচ নম্বর সিনেট আসনের প্রতিনিধিত্ব করছেন। তার এ কৃতিত্বে গর্বিত নিজ এলাকার মানুষ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি পরিচিত শেখ রহমান নামে। ৬৪ বছর বয়সী শেখ রহমান কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমানের ছেলে। জন্ম বাজিতপুরে। ১৯৮১ সালে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান। জর্জিয়া ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন চন্দন। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি মেজো। তার ভাই শেখ মজিবুর রহমান ইকবাল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি। একই সঙ্গে তিনি বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button