বিনোদন

সদস্য পদ স্থগিতের পর মুখ খুললেন তানজিন তিশা

প্রবাহ রিপোর্ট ঃ অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর মধ্যকার বিরোধ নতুন মোড় নিয়েছে। দুই অভিনেত্রীর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সংগঠনের এমন সিদ্ধান্তের খবর প্রকাশ্যে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের অবস্থান তুলে ধরেছেন তানজিন তিশা। শুটিং সেটে মারধরের ঘটনার পর সালিশ, সদস্য পদ স্থগিতের কারণ এবং গত কয়েক মাসের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি। গত ৪ অক্টোবর দুই অভিনেত্রীর কাছে সদস্য পদ স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে পৃথক চিঠি পাঠায় অভিনয়শিল্পী সংঘ। এর আগে গত ৭ জুলাই তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে সংগঠনের দাবি, দুই অভিনেত্রীর কেউই ওই নোটিশের জবাব দেননি। বিরোধ মীমাংসায় একাধিকবার উদ্যোগ নেওয়ার পরও সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেয় সংগঠনটি। সদস্য পদ স্থগিতের খবর প্রকাশের কিছুক্ষণ পরই লাইভে আসেন তানজিন তিশা। সেখানে শুটিং সেটে সেদিন কী ঘটেছিল, তা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন অভিনেত্রী। তিশা বলেন, ‘আমার পাগলের চরিত্র আমি করেছি সেটা আপনারা দেখেছেন। কোনো কাটছাঁট করা হয়নি। কে আগে ইম্রপোভাইস করেছে, কে আগে অ্যাটাক করেছে, কে অ্যাটাক করে নিজেকে নির্যাতিত হিসেবে দাবি করেছে; সেটা আপনারা বুঝতে পারবেন।’ ঘটনার পর অভিনয়শিল্পী সংঘের উদ্যোগে দুই পক্ষের বক্তব্য শোনা এবং বিরোধ মীমাংসার চেষ্টা করা হয়েছিল। সালিশ বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বিষয়েও লাইভে কথা বলেন তিশা। তার ভাষ্য, দুই অভিনেত্রীকেই ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়ার পাশাপাশি একটি ভিডিও বার্তা পাঠাতে বলা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। এ প্রসঙ্গে তিশা বলেন, ‘বলা হয়েছিল, আমরা দুজনই যেন ক্ষমা চেয়ে বিবৃতি দিই এবং একটি ভিডিও বার্তা পাঠাই। সে (সামিয়া অথৈ) ভিডিওটি দেয়নি। আমিও কোনো কারণে দিতে পারিনি। আমি নোটিশ অমান্য করেছি বলে আজ আমাকে সদস্য পদ স্থগিতের চিঠি পাঠানো হয়েছে। ঠিক আছে।’ লাইভে সামাজিক যোগাযোগমাধ্যমে পেশাগত বিরোধ প্রকাশ্যে আনার বিষয়েও নিজের অবস্থান জানান তানজিন তিশা। তার মতে, কোনো বিরোধ থাকলে তা সাংগঠনিকভাবে সমাধানের চেষ্টা করা উচিত। প্রকাশ্যে অভিযোগ তুলে কাউকে হেয় করা কিংবা তার ক্যারিয়ারের ক্ষতি করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। এ সময় গত এক বছরে তাকে ঘিরে তৈরি হওয়া বিভিন্ন বিতর্কের প্রসঙ্গও সামনে আনেন তিশা। এর মধ্যে আলোচিত ‘শাড়ি-কা-’-এর কথাও উল্লেখ করেন তিনি। নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘গত এক বছরে অনেক কিছু দেখলাম, শাড়ি কা-ও দেখলাম। আজ হোক বা কাল, সবকিছু সবার সামনে আসবে। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি। আট মাস ধরে যত বাধাই আসুক, যা-ই ঘটুক, আমি থেমে নেই। আমি থেমে থাকব না। আমি হাল ছাড়ব না। এত আত্মবিশ্বাস নিয়ে কথাটা বলতে পারছি, কারণ আমি জানি, আমি ভুল কিছু করিনি।’ উল্লেখ্য, গত ৩ মার্চ মানিকগঞ্জে পরিচালক রাফাত মজুমদারের একটি নাটকের শুটিং চলাকালে তানজিন তিশা ও সামিয়া অথৈর মধ্যে বিরোধের সূত্রপাত হয়। ওই দিনই ফেসবুক লাইভে এসে তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন সামিয়া। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে তিশার দাবি ছিল, নাটকের চিত্রনাট্য ও চরিত্রের প্রয়োজনে দৃশ্যটি ধারণ করা হয়েছিল। সেই ঘটনা ঘিরে শুরু হওয়া বিরোধ শেষ পর্যন্ত গড়িয়েছে সংগঠনের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্তে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button