জাতীয় সংবাদ

ইসরায়েলে ভূমিকম্প : বিমানবন্দর বন্ধ

প্রবাহ রিপোর্ট ঃ দক্ষিণ ইসরায়েলের ইলাত অঞ্চলে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিকটবর্তী রামন বিমানবন্দরের কয়েকটি জানালা ভেঙে যায়। নিরাপত্তার কারণে সাময়িকভাবে বিমানবন্দর বন্ধ রাখা হলেও পরীক্ষা-নিরীক্ষা শেষে আবার চালু করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। ইসরায়েলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ইলাত থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে মিসরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়। ভূপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর ইসরায়েল এয়ারপোর্টস অথরিটি নিরাপত্তার স্বার্থে রামন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়। অবকাঠামো পরীক্ষা শেষে কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়েছে। এদিকে হোম ফ্রন্ট কমান্ড ইলাত ও আরাভা অঞ্চলের বাসিন্দাদের স্থাপনা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছিল। এদিকে বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় ২০২৭ সালকে ‘ভূমিকম্প প্রস্তুতির বছর’ ঘোষণা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এ বছর ধারাবাহিক প্রশিক্ষণ ও মহড়ার পাশাপাশি বড় জাতীয় মহড়ার আয়োজন করা হবে। এ পরিকল্পনায় স্থানীয় কর্তৃপক্ষের প্রস্তুতি বাড়ানো, জনবল ও অনুসন্ধান-উদ্ধার সক্ষমতা জোরদার এবং ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সামরিক বাহিনীর প্রস্তুতি উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর আগে গত বছর নেসেটের এক কমিটিকে দেশটির কর্মকর্তারা জানিয়েছিলেন, দুই দশকের বেশি সময় ধরে বিভিন্ন নিরীক্ষায় সতর্কতা ও ব্যবস্থাপনাগত ঘাটতি উঠে এলেও বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় ইসরায়েল এখনো যথেষ্ট প্রস্তুত নয়। তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button