চাঁদাবাজদের কাছে জিম্মি নগরী! নেপথ্যে কোন শক্তি?

অন্তত একডজন প্রতিষ্ঠানে ঝুলছে তালা
আতংকে পেশাজীবীরা
ভয়ে খুলনায় ফিরতে পারছেন না ১১ চিকিৎসক
সন্ত্রাস ও চাঁদাবাজদের দৌরাত্ম বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ওষুধ ব্যবসায়ীদের
স্টাফ রিপোর্টার ঃ এক সময় চাঁদাবাজি করা হতো নিরবে। সংবাদপত্রের শিরোনাম হতো ‘নিরব চাঁদাবাজি’। কিন্তু সেই শিরোনাম এখন বদলে গেছে। কারণ : চাঁদাবাজির সঞ্জা পাল্টে ফেলেছে চাঁদাবাজ-সন্ত্রাসী-অস্ত্রধারীরা। এখন আর চাঁদা গোপনে নয়, প্রকাশ্যেই আদায় করা হচ্ছে। ফলে চাঁদাবাজ, সন্ত্রাসী ও অস্ত্রধারীদের ভয়ে খুলনা শহরের অন্তত একডজন প্রতিষ্ঠানে ঝুলছে তালা। চাঁদা না দিলে হামলা, ভাংচুর, তান্ডব এবং সর্বপরি জীবন হারানোর ভয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন সংশ্লিষ্টরা।
এদিকে, চাঁদাবাজদের ভয়ে কমপক্ষে এক ডজন ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলছে। ব্যবসায়ীরা চাঁদা দিতে না পেরে ভয়ে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে আত্মগোপনে রয়েছেন। হুমকির মুখে নগরীর অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে তালা ঝুলতে দেখা গেছে। প্রতিষ্ঠানের সামনে পুলিশ পাহারা থাকা সত্ত্বেও নিরাপত্তার স্বার্থে তারা দোকান খুলছেন না।
অপরদিকে অন্তত ১১ জন চিকিৎসক ভয়ে খুলনায় ফিরতে পারছেন না। সবকিছু মিলিয়ে পেশাজীবীদের মধ্যে চাঁদাবাজ আতঙ্ক বিরাজ করছে।
অনুসন্ধানে জানা গেছে, গত ৮ নভেম্বর খুলনার স্বনামধন্য বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে মোটা অংকের চাঁদা দাবি করা হয়। এরপর গত ১৪ অক্টোবর হুমকির মুখে মল্লিক ব্র্রদার্স অ্যান্ড ফার্মেসির ভবনে থাকা কয়েকটি প্রতিষ্ঠান গত চারদিন ধরে বন্ধ রয়েছে। গত ২৮ অক্টোবর থেকে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিক ফার্মেসি বন্ধ রয়েছে। খানজাহান আলী রোডে অবস্থিত মেসার্স জাহিদ ইলেকট্রনিকস নামের প্রতিষ্ঠানটিও চাঁদা দাবির অভিযোগে গত ৯ নভেম্বর থেকে বন্ধ রয়েছে। চাঁদা না পেয়ে গত ৭ নভেম্বর নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনে হামলা ও ব্যাপক ভাঙচুর করা হয়। গত ৩ নভেম্বর নগরীর আব্দুল্লাহ প্যাথলজিতে দুর্বৃত্তরা হামলা চালায়। গত ৮ নভেম্বর রাতে খুলনার সাবেক সিভিল সার্জন ও খুলনা মেডিক্যাল কলেজের সাবেক উপপরিচালক ডা. সুজাত আহমেদকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দিয়েছে নগরীর একটি শীর্ষ সন্ত্রাসী সংগঠন। চাঁদার দাবিতে অব্যাহত হুমকির মুখে অধিকাংশ ওষুধ প্রতিষ্ঠানগুলো এখনো বন্ধ রয়েছে।
এদিকে, ৩০ লাখ টাকা চাঁদা না দিলে জীবননাশের হুমকির মধ্যে বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলোর তালা এখনও খোলেনি মালিকপক্ষ। রূপসা স্ট্যান্ড রোডে গিয়ে মাল্লিক ব্রাদার্স এন্ড ফার্মেসীর গেটে তালা ঝুলানো দেখা যায়। এছাড়া ওই ভবনে থাকা আরও কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা যায়।
মল্লিক ব্রাদার্স এর মালিক রাজু মল্লিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী আশিক বাহিনীর প্রধান আশিক ১৪ অক্টোবর রাতে আমাকে ফোন দেন। এ সময়ে তিনি আমার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু বিষয়টি আমি গায়ে লাগায়নি। ৮ নভেম্বর রাতে মোটরসাইকেল যোগে ৮ জন ব্যক্তি প্রতিষ্ঠানের সামনে আসেন। তারা বাহিনী প্রধান আশিকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে বলেন। কিন্তু সেটা করতে না চাইলে তারা আমার সাথে জোরজুরি করেন। এক পর্যায়ে আশিকের সাথে কথা বলি। তিনি আমার কাছে পুনরায় ৩০ লাখ টাকা দাবি করে দু’দিনের সময় বেঁধে দেন। বিষয়টি পরিবারের সাথে কথা বলে নিরাপত্তার কথা চিন্তা করে দোকানটি বন্ধ করে দেন ওই ব্যবসায়ী। থানা পুলিশ একাধিকবার যোগাযোগ করেছে। তাদের জানিয়ে কোনো লাভ হবে না বিধায় থানায় যাননি তিনি। বিষয়টি তিনি আল্লাহর ওপর ছেড়ে দেন। আল্লাহ তাদের হেদায়েত দান করুন।
তিনি বলেন, আমি একজন ঋণগ্রস্ত মানুষ। তারা যে অর্থ দাবি করেছেন তা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে, মল্লিক ফার্মেসির নিরাপত্তার জন্য দোকানের সামনে পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ মোঃ লোকমান হোসেন রিপন।
এছাড়া টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসিতে চাঁদা দাবির পর থেকে এখনও বন্ধ রয়েছে। বাড়ির সামনে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি। চয়নিক থেকে কয়েকশ’ গজ দূরে রয়েছে জাহিদ ইলেকট্রিক। তার কাছেও চাঁদা দাবি করে খুলনার অপর শীর্ষ সন্ত্রাসী বাহিনী প্রধান। এরপর থেকে মায়ের অসুস্থতার কথা বলে দোকানটি বন্ধ রেখেছে জাহিদ। জাহিদ ইলেকট্রিক সংলগ্ন আরো দুটি ব্যবসা প্রতিষ্ঠান চাঁদার দাবিতে বন্ধ হয়ে গেছে একই সঙ্গে খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন জনৈক ব্যবসায়ীর দোকান (পুরাতন মালামাল ক্রয়-বিক্রয়) এবং নগরীর জিরো পয়েন্টের জনৈক্ ব্যবসায়ীর পার্টসের দোকানসহ অন্তত এক ডজন প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
এদিকে, খুলনায় শীর্ষ একটি সন্ত্রাসী সংগঠনের পরিচয় দিয়ে ইট-বালু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের কাছে চাঁদা দাবি করা হয়েছে। দাবীকৃত চাঁদা না দিলে হত্যার হুমকিও দেয় তারা। এছাড়া সন্ত্রাসী বাহিনীর পরিচয় দিয়ে গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে চাঁদা দাবি করা হলে প্রতিষ্ঠানটির মালিক থানায় মামলা দায়ের করেন।
খুলনা মহানগর ইট-বালু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বলেন, বুধবার সকাল থেকে আমার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিক ফোন আসতে থাকে। না ধারায় আমার স্ত্রীকে ফোন দেয় তারা। ফোনে এক ব্যক্তি নিজেকে খুলনা শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধান বলে পরিচয় দেয়। পরবর্তীতে তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের চাহিদা মোতাবেক চাঁদার টাকা প্রদানে অপারগতা প্রকাশ করায় আমাকে মেরে ফেলার হুমকি দেয়। বিষয়টি ক্ষমতাসীন দলের স্থানীয় এক নেতার সাথে আলোচনা করেন তিনি। ঘটনাটি থানায় অবগত করার জন্য পরামর্শ দেন ওই নেতা। কিন্তু জীবনের নিরাপত্তার কথা ভেবে তিনি থানায় অবগত করেননি। পরবর্তীতে ওই ব্যবসায়ী ও তার স্ত্রী’র মোবাইল নম্বরটি বন্ধ রাখেন। তিনি আরও বলেন, বাড়ি ভাড়ার সাইনবোর্ড থেকে সন্ত্রাসীরা নম্বর সংগ্রহ করে তাদের ফোন দেয়।
খুলনা থানার অফিসার ইনচার্জ মোঃ লোকমান হোসেন রিপন বলেন, এ ধরনের কোনো খবর আমার জানা নেই। থানায় বিষয়টি অবগত করলে ব্যবস্থা নেওয়া হবে। ভয় না পেয়ে মানুষকে সামনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জনসাধারণে জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের। ভয় না পেয়ে পুলিশকে জানান।
সোনাডাঙ্গার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. গাজী মিজানকে ফোন দিয়ে গত ৮ নভেম্বর মোটা অঙ্কের চাঁদা দাবি করে এক সন্ত্রাসী। এ ব্যাপরে তিনি মামলা দায়ের করেন। এঘটনায় ১০ নভেম্বর রাতে সোনাডাঙ্গা থানার বানরগাতি থেকে সন্ত্রাসী ফয়সাল মুন্সিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, ডা. গাজী মিজান বিষয়টি থানাকে অবগত করলে পুলিশ মঙ্গলবার ফয়সালকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।
খুলনার অপরাধজগৎ নিয়ন্ত্রণ করে আট সন্ত্রাসী গ্রুপ : সন্ত্রাসীরা এখন সাধারণ ব্যবসায়ীদের টার্গেট করছে। আগে বড় বড় কোম্পানি বা ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইলেও এখন ছোটখাটো ব্যবসায়ীদেরও টার্গেট করছে। তাদের ভয়ভীতিতে ফার্মেসিসহ অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। হঠাৎ করে সাধারণ ব্যবসায়ীদের কেন টার্গেট করছে সন্ত্রাসীরা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায়-খুলনার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে আটটি সন্ত্রাসী গ্রুপ। এগুলো হচ্ছে-গ্রেনেড বাবু গ্রুপ, নূর আজিম গ্রুপ, আশিক গ্রুপ, পলাশ, হুমা, টেংকি শাওন, আরমান, শাকিল এবং নাসিম গ্রুপ। এর মধ্যে গ্রেনেড বাবু, নূর আজিম, আশিক ও পলাশ গ্রুপের মাদক বিক্রির এলাকা নির্ধারণ ও আধিপত্য নিয়ে গ্রুপিং ছিল। সেই অবস্থা থেকে উত্তরণের জন্য নিজেদের অবস্থান পরিবর্তন করেছে সন্ত্রাসীরা।
রাজনৈতিক ছায়ায় সন্ত্রাসীরা :
খুলনায় বর্তমান সময়ের আলোচিত সন্ত্রাসী নূর আজিম। চাঁদাবাজিতে পাড়া-মহল্লায় আতঙ্ক সৃষ্টি করেছে। নূর আজিমের বাড়ি নগরীর টুটপাড়া এলাকায়। তার উত্থান হয়েছে আওয়ামী লীগ নেতা জেডএ মাহমুদ ডন ও ২৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউল আহসান টিটোর ছত্রছায়ায়। এর বাইরে অন্যতম শীর্ষ বাহিনী গ্রেনেড বাবু। মুম্বাইয়ের দাউদ ইব্রাহিমের ‘ডি কোম্পানি’র আদলে ‘বি কোম্পানি’ নাম দিয়ে একটি আলাদা বাহিনী গড়ে তুলেছেন। তার মাধ্যমে খুলনায় অপরাধ জগত নিয়ন্ত্রণ করেন গ্রেনেড বাবু। গ্রেনেড বাবুর আসল নাম রনি চৌধুরী। তার আত্মীয়স্বজনের একটি বড় অংশ বর্তমান ক্ষমতাসীন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। অন্তর্র্বতী সরকারের সময়ে সন্ত্রাসী রনি চৌধুরীর এক আত্মীয়সহ তিন বিএনপি নেতার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশও (ডিটেনশন) দেওয়া হয়েছিল। তবে তাদের আটক করেনি পুলিশ। ফলে খুলনায় ভুক্তভোগীদের একটি বড় অংশ মনে করে ক্ষমতাসীন দলের কোনো কোনো নেতার সাপোর্ট রয়েছে রনি চৌধুরীর ওপর। একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, সম্প্রতি বিএনপির এক নেতা ও এক ব্যবসায়ী নেতা গ্রেনেড বাবুর সঙ্গে দেশের বাইরে মিটিং করেছেন। যেটা নিয়ে তদন্ত চলছে। এছাড়াও ওয়ার্ড পর্যায়ের এসব সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে অনেক নেতারই সখ্য রয়েছে।
পুলিশের একটি সূত্র দাবি করেছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর খুলনায় অনেক রাজনৈতিক নেতা এসব সন্ত্রাসী গোষ্ঠীকে বিভিন্ন কাজে ব্যবহার করেছেন। ফলে এখন এরা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
চাঁদার ভয়ে খুলনায় আসতে পারছেন না ১১ চিকিৎসক :
নগরীর বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিএমএ ভবনের সামনে সাতরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একটার পর একটা ক্লিনিকে চাঁদা চাওয়া হচ্ছে। না দিলে প্রকাশ্য দিবালোকে ভাঙচুর করা হচ্ছে। এ পর্যন্ত ৬/৭টি প্রতিষ্ঠান ভাঙচুরের শিকার হয়েছে। এর বাইরে অনেক প্রতিষ্ঠান জীবননাশের ভয়ে গোপনে টাকা লেনদেন করছে। অনেক চিকিৎসক জীবননাশের ভয়ে চেম্বার বন্ধ করেছেন, তাদের পরিবারও নিরাপত্তাহীনতায় রয়েছে। ভয় দেখানো হচ্ছে – চাঁদা না দিলে তোমার বউ-বাচ্চাদের উঠিয়ে আনব। অনেকে ভয়ে প্রকাশ্যে বলতে পারছে না।
বক্তারা বলেন, বিশ্বের অন্য কোনো দেশে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা হয় না। অথচ খুলনায় একের পর এক ঘটনা ঘটছে। এ পর্যন্ত ১১ জন চিকিৎসক মোটা অঙ্কের চাঁদার ভয়ে খুলনায় আসতে পারছেন না। তারা দেশে ও দেশের বাইরে পালিয়ে বেড়াচ্ছেন। মান-সম্মানের ভয়ে অনেকে আপস করছেন, টাকা দিচ্ছেন, কিন্তু প্রশাসনকে জানাচ্ছেন না।
মানববন্ধনে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, সাত দিনের মধ্যে প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে এবং অবস্থার উন্নতি না হলে স্মারকলিপি প্রদানসহ পূর্ণ কর্মবিরতিতে যাওয়া হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।
মানববন্ধনে বক্তৃতা করেন ড্যাব খুমেক শাখার সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মো. সালেহ পলাশ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা কামাল, খুলনা মেডিকেলের সহকারী পরিচালক ডা. কাজী আহসান হাবীব, ডা. শফিউল আলম ডেভিড, ডা. তাজরুল ইসলাম, ডা. শেখ কামরুল হুদা, ডা. রাশেদুজ্জামান ছোটন, ডা. মেহেদী হাসান, ডা. তাজ ইসলাম. খুমেকের সিনিয়র স্টাফ নার্স হোসনেয়ারা খাতুন, খুমেক কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান প্রমুখ।
মানববন্ধন শেষে বিএমএ খুলনা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম নেতৃবৃন্দের সাথে পরিস্থিতির উন্নতির বিষয়ে মতবিনিময় করেন।
গোপনে ওষুধ ব্যবসায়ীদের স্মারকলিপি, সন্ত্রাস ও চাঁদাবাজদের দৌরাত্ম বন্ধে ৩ দিনের আল্টিমেটাম :
সন্ত্রাস ও চাঁদাবাজদের দৌরাত্ম থেকে ফার্মেসি ব্যবসায়ীদের রক্ষা ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে খুলনা জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনারের নিকট পৃথক স্মারকলিপি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার খুলনা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পক্ষ থেকে গোপনে এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে তিন দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে।
সংগঠনের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিরাপত্তাজনিত কারণে আমরা কোনো আনুষ্ঠানিকতা করিনি। পত্রিকায় নাম ও ছবি আসলে সন্ত্রাসী-চাঁদাবাজদের পক্ষ থেকে হুমকি দেওয়ার আশঙ্কা থাকার কারণে খুবই গোপনীয়তা রক্ষা করে আমরা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছি। স্মারকলিপির অনুলিপি বিভাগীয় কমিশনার বরাপবরও দেওয়া হয়েছে।
খুলনাস্থ সাধারণ কেমিস্টবৃন্দ’র ব্যানারে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশে একমাত্র ব্যবসা যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে ফার্মেসি ব্যবসা করতে হয়। এই ব্যবসার মাধ্যমে আপামর জনতার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হয়। আমরা সকল ফার্মেসি ব্যবসায়ীরা সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত এবং কোথাও কোথাও সারারাত এই সেবা প্রদান করে আসছি। কিন্তু অতি দুঃখের বিষয় সম্প্রতি চয়নিকা ফার্মেসি, টুটপাড়া, খুলনা, মল্লিক ব্রাদার্সসহ নগরীর বিভিন্ন এলাকায় ফার্মেসি ব্যবসায়ীদেরকে কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজরা বিশাল অংকের চাঁদা দাবি করে। পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেয়। যার পরিপ্রেক্ষিতে চয়নিকা ফার্মেসি, মল্লিক ব্রাদার্সসহ বেশ কিছু ফামেসি বন্ধ রয়েছে। কিন্তু অদ্যাবধি ঐ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আগামী ৩ দিনের মধ্যে সন্ত্রাসী ও চাঁদাবাজীদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ না করা হলে খুলনার সকল কেমিস্টস তাদের ফার্মেসি বন্ধসহ কঠোর ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে।


