কয়রায় এলজিইডিতে কর্মকর্তা শুন্য দুই উপজেলার দায়িত্ব একজনের কাঁধে

রিয়াছাদ আলী, কয়রা(খুলনা) প্রতিনিধি ঃ খুলনার কয়রা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যক্রমে দেখা দিয়েছে চরম জনবল সংকট। উপজেলা প্রকৌশলীর পদ ছয় মাসের বেশি সময় ধরে শূন্য। এর মধ্যে অফিসের একমাত্র উপ-সহকারী প্রকৌশলীকে বদলি করায় কার্যত কারিগরি জনবলশূন্য হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ এ দপ্তরটিতে। ফলে উপজেলার গ্রামীণ সড়ক, সেতু-কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তদারকি, কাজের গুণগত মান যাচাই ও দাপ্তরিক কার্যক্রম নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। প্রশ্ন উঠেছে, প্রকৌশলী ও কারিগরি কর্মকর্তা ছাড়া কয়রার উন্নয়নকাজ দেখভাল করবেন কে। কয়রা উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, ছয় মাসেরও বেশি সময় আগে কয়রা উপজেলা প্রকৌশলীকে বদলি করা হলেও এখন পর্যন্ত ওই পদে কোন কর্মকর্তাকে স্থায়ীভাবে পদায়ন করা হয়নি। বর্তমানে পার্শ্ববর্তী পাইকগাছা উপজেলা প্রকৌশলী অতিরিক্ত দায়িত্ব হিসেবে কয়রার দায়িত্ব পালন করছেন। অথচ পাইকগাছা উপজেলায় রয়েছে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা। অন্যদিকে কয়রায় রয়েছে সাতটি ইউনিয়ন। সব মিলিয়ে দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার উন্নয়ন কর্মকা-ের দায়িত্ব সামলাতে হচ্ছে একজন প্রকৌশলীকে। জনবল সংকটের মধ্যেই গত ৪ নভেম্বর কয়রা অফিসে কর্মরত একমাত্র উপ-সহকারী প্রকৌশলীকে বদলি করা হয়েছে। তিনি পাশ্ববর্তী বটিয়াঘাটা উপজেলায় যোগদানও করেছেন। তবে তার স্থলেও এখন পর্যন্ত কোন উপ-সহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়নি। ফলে মাঠপর্যায়ে উন্নয়ন প্রকল্পের কারিগরি তদারকি ও নির্মাণকাজের মান চাইয়ের দায়িত্ব পালনের মতো কোনো উপ-সহকারী প্রকৌশলী বর্তমানে কয়রা অফিসে নেই। শুধু তাই নয় অন্য কারর দায়িত্বও দেওয়া হয়নি। এ অবস্থায় উপজেলার গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কার, সেতু-কালভার্ট নির্মাণ, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ এবং নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। একজন প্রকৌশলীর পক্ষে দুটি উপজেলার বিপুলসংখ্যক উন্নয়ন প্রকল্প নিয়মিত পরিদর্শন ও তদারকি করা কতটা সম্ভব, তা নিয়েও প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে উপকূলীয় ও দুর্যোগপ্রবণ কয়রা উপজেলার যোগাযোগ অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সড়ক, কালভার্ট ও অন্যান্য অবকাঠামোর দ্রুত সংস্কার প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় প্রকৌশলী ও কারিগরি জনবল না থাকলে উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন, কাজের গুণগত মান এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করা নিয়ে জটিলতা তৈরি হতে পারে। কয়রা উপজেলার ঠিকাদার আলহাজ্ব আব্দুল্যাহ ফকির বলেন, পাইকগাছা উপজেলা প্রকৌশলী কয়রার অতিরিক্ত দায়িত্ব পালন করলেও তিনি সপ্তাহে মাত্র এক দিন কয়রা অফিসে আসেন। অনেক সময় সেটিও সম্ভব হয় না। ফলে উন্নয়নকাজের তদারকি, বিল-ভাউচার সংক্রান্ত কার্যক্রমসহ বিভিন্ন দাপ্তরিক কাজে আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এভাবে একটি উপজেলার গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা কঠিন। কয়রার উন্নয়ন কর্মকা-ের স্বাভাবিক গতি বজায় রাখতে দ্রুত একজন স্থায়ী উপজেলা প্রকৌশলী সহ কয়েক জন উপ-সহকারী প্রকৌশলী নিয়োগের দাবি জানাচ্ছি। সচেতন মহলের মতে, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বরাদ্দ দেওয়ার পাশাপাশি সেসব কাজের যথাযথ তদারকি নিশ্চিত করাও জরুরি। কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় উপজেলার এলজিইডি অফিসে উপজেলা প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী না থাকাটা উদ্বেগজনক। দ্রুত প্রয়োজনীয় জনবল পদায়ন না হলে উন্নয়নকাজের গতি ও গুণগত মান দুটোই প্রশ্নের মুখে পড়তে পারে। এলজিইডি খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম সরদার বলেন, কয়রা উপজেলা এলজিইডি অফিসে প্রয়োজনীয় কর্মকর্তা না থাকার বিষয়টি আমাদের নজরে রয়েছে। সম্প্রতি নতুন নিয়োগের মাধ্যমে কিছু কর্মকর্তা যোগদান করেছেন। জনবল সংকট নিরসনে কয়রা অফিসে দ্রুত একজন উপজেলা প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী পদায়নের উদ্যোগ নেওয়া হবে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই এ সমস্যার সমাধান করা সম্ভব হবে।



