লবণাক্ত জমিতে সোনালি ধানের বিপ্লব কৃষিতে বদলে গেছে কয়রার মঠবাড়ীর চিত্র

রিয়াছাদ আলী, কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ একসময় বিস্তীর্ণ কৃষিজমি ছিল লবণ পানির দখলে। বাগদা চিংড়ি চাষের জন্য বছরের পর বছর জমিতে তোলা হতো লবণ পানি। ফলে ধানসহ অন্যান্য ফসল উৎপাদনের সুযোগ ছিল না বললেই চলে। তবে স্থানীয় মানুষের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত ও উদ্যোগে বদলে গেছে সেই চিত্র। চার বছর আগে বন্ধ করা হয় লবণ পানি উত্তোলন। চিংড়ি ঘেরের পরিবর্তে জমিতে ফিরেছে কৃষি। এখন সেই মাঠজুড়ে দুলছে সোনালি আমন ধান। একসময়ের লবণ পানির ঘের পরিণত হয়েছে ফসলের সমারোহে। উপকূলীয় খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব মঠবাড়ী গ্রামে কৃষিতে ফিরে আসার এমন ইতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে। বুধবার বিকেলে সরেজমিনে পূর্ব মঠবাড়ী গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের বিস্তীর্ণ মাঠজুড়ে পেকে উঠেছে আমন ধান। কোথাও ধানের ভারে নুয়ে পড়েছে গাছ, কোথাও চলছে ধান কাটার প্রস্তুতি। মাঠের পর মাঠজুড়ে ছড়িয়ে পড়েছে সোনালি ফসলের আভা। কৃষকের মুখেও ফুটেছে সাফল্যের হাসি। যে জমিতে একসময় লবণ পানির ঘের ছিল, সেই জমিতেই এখন ফলেছে কৃষকের স্বপ্নের ফসল। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে কয়রা উপজেলার সাতটি ইউনিয়নে ১৬ হাজার ১৩০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এ মৌসুমে আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৬ হাজার ১১২ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে ১৮ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। এছাড়া কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৫০০ কৃষককে সহায়তা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ব্রি ধান-১০, ব্রি ধান-৩০, ব্রি ধান-৮৭, ব্রি ধান-১০৩ ও বিনা ধান-১৭ জাতের বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হয়েছে। স্থানীয় কৃষক ফজলুল হক এবার ছয় বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন। তার জমিতে ধানের ফলনও বেশ ভালো হয়েছে। ধানের ভারে নুয়ে পড়েছে গাছগুলো। একসময় যে জমি ছিল লবণ পানির ঘের, সেই জমিতে এখন ফলেছে তার পরিশ্রমের ফসল। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক বছর আগেও পূর্ব মঠবাড়ী এলাকায় বাগদা চিংড়ি চাষের জন্য বাঁধের ভেতরে লবণ পানি প্রবেশ করানো হতো। এতে কৃষিজমির স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি ফসল উৎপাদন ব্যাহত হচ্ছিল। এ পরিস্থিতিতে এলাকার মানুষ সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেন, আর লবণ পানি নয়, জমিতে ফিরিয়ে আনতে হবে কৃষি। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে স্থানীয়দের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বন্ধ করা হয় লবণ পানি প্রবেশের পথ। এরপর ধীরে ধীরে জমিতে শুরু হয় ধানসহ বিভিন্ন ফসলের চাষাবাদ। মঠবাড়ি গ্রামের কৃষক মাসুম বিল্লাহ বলেন, দীর্ঘদিনের চিংড়ি চাষের অভ্যাস পরিবর্তন করে কৃষিতে ফিরে আসার সিদ্ধান্ত সহজ ছিল না। এ জন্য প্রয়োজন হয়েছে সবার সহযোগিতা ও ঐক্যবদ্ধ উদ্যোগের। তবে এখন মাঠজুড়ে সোনালি ধান দেখে মনে হচ্ছে, তাদের সেই সিদ্ধান্ত ভুল ছিল না। বরং কৃষিতে ফিরে এসে তারা লাভবান হচ্ছেন। তবে সম্ভাবনার পাশাপাশি রয়েছে কিছু সীমাবদ্ধতাও। স্থানীয় একাধিক কৃষক জানান, বর্তমানে এসব জমিতে মূলত আমন ধানের চাষ হচ্ছে। শুষ্ক মৌসুমে মিঠাপানির তীব্র সংকটের কারণে বোরো ধানসহ অন্যান্য ফসল উৎপাদন করা সম্ভব হয় না। তাদের দাবি, সরকারি উদ্যোগে পুকুর খনন, গভীর নলকূপ স্থাপন কিংবা সাবমার্সিবল পাম্পের মাধ্যমে সেচের ব্যবস্থা করা গেলে আমনের পাশাপাশি বোরো ধান ও বিভিন্ন রবি ফসল চাষের সুযোগ তৈরি হবে। এতে কৃষিজমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষকের আয়ও বাড়বে। কৃষি বিভাগ বলছে, উপকূলীয় কয়রায় কৃষির অন্যতম বড় চ্যালেঞ্জ মাটির লবণাক্ততা। দীর্ঘদিন লবণ পানির সংস্পর্শে থাকা জমিতে ফসল উৎপাদন স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে পরিকল্পিত চাষাবাদ, লবণসহিষ্ণু জাত নির্বাচন এবং মিঠাপানির সুষ্ঠু ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়রা উপজেলা কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষ বলেন, কয়রার উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা কৃষির অন্যতম বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলা করে উৎপাদন বাড়াতে চলতি বছর কৃষকদের মধ্যে লবণসহিষ্ণু ধানের জাত বিতরণ করা হয়েছে। পাশাপাশি আধুনিক ও উপযোগী চাষাবাদ পদ্ধতি সম্পর্কে নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। কৃষকের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার মজুত রাখাসহ কৃষির সম্ভাবনাকে কাজে লাগাতে কৃষি বিভাগ কাজ করছে। পূর্ব মঠবাড়ীর মতো এলাকায় লবণ পানিনির্ভরতা কমিয়ে ফসল উৎপাদনের উদ্যোগ আশাব্যঞ্জক। এ ধারা অব্যাহত থাকলে উপকূলীয় এলাকায় কৃষির আরও সম্প্রসারণ সম্ভব হবে। একসময় লবণ পানির ঘেরে বন্দি থাকা জমিতে এখন দুলছে সোনালি ধান। স্থানীয় মানুষের সম্মিলিত উদ্যোগে পূর্ব মঠবাড়ীতে কৃষির এই ফিরে আসা শুধু একটি গ্রামের পরিবর্তন নয়, বরং উপকূলীয় অঞ্চলে কৃষি পুনরুদ্ধারের সম্ভাবনারও দৃষ্টান্ত। এখন এলাকাবাসীর প্রত্যাশা, সরকারি সহযোগিতা ও প্রয়োজনীয় সেচব্যবস্থা নিশ্চিত হলে মঠবাড়ীর এই সাফল্য ছড়িয়ে পড়বে কয়রার অন্যান্য গ্রামেও। চিংড়ি ঘেরনির্ভরতার পরিবর্তে কৃষিনির্ভর সমৃদ্ধ উপকূল গড়ে উঠবে।



