আটকে পড়ল জাহানাবাদ এক্সপ্রেস : ট্রিপ বাতিল

স্টাফ রিপোর্টার : আন্দোলনের কারণে মুকসুদপুর-ভাঙ্গা জংশন এলাকায় আটকে পড়ে ঢাকা থেকে বেনাপোলগামী ৮২৫ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন। এতে নির্ধারিত সময়ে বেনাপোলে পৌঁছাতে না পারায় ট্রেনটির বেনাপোল থেকে ঢাকাগামী ফিরতি ট্রিপ বাতিল করা হয়েছে। তবে খুলনা থেকে অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার আশিক আহমেদ জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসে ৮২৫ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস। দুপুর ১২টার দিকে ট্রেনটি মুকসুদপুর-ভাঙ্গা জংশন এলাকায় পৌঁছালে সেখানে চলমান আন্দোলনের কারণে আটকা পড়ে। ফলে নির্ধারিত সময়ে ট্রেনটি বেনাপোলে পৌঁছাতে পারেনি।
তিনি আরও জানান, ট্রেনটির বেনাপোল থেকে দুপুর ৩টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ঢাকা থেকে আসার পথে ট্রেনটি আটকে পড়ায় নির্ধারিত সময়ে বেনাপোল থেকে যাত্রা করা সম্ভব হয়নি। এ কারণে জাহানাবাদ এক্সপ্রেসের ওই ফিরতি ট্রিপটি বন্ধ রাখা হয়েছে।
স্টেশন মাস্টার আরও বলেন, জাহানাবাদ এক্সপ্রেসের এই ট্রিপ ছাড়া খুলনা থেকে অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।



