স্থানীয় সংবাদ

নগরীতে প্রধানমন্ত্রীর সফরের ব্যানারে পেট্রোল বোমা নিক্ষেপ

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর শিববাড়ি মোড়ে স্থাপিত ব্যানারে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এ হামলা চালিয়ে পালিয়ে যায়। এতে ব্যানারের একাংশে আগুন ধরে যায়। পরে পুলিশ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা থেকে ১১টা ১০ মিনিটের মধ্যে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি শিববাড়ি মোড়ে আসে। এ সময় তারা ‘সবার আগে বাংলাদেশ’ লেখা তোরণ বা ব্যানার লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। বিস্ফোরণের পর ব্যানারে আগুন ধরে যায়। পরে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শিববাড়ি মোড়ে স্থাপিত নতুন কুঁড়ি স্পোর্টসের ব্যানার লক্ষ্য করে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত পেট্রোল বোমা নিক্ষেপ করে। পুলিশ তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, আগুন দিতে পারলে সাত হাজার এবং বোমা নিক্ষেপ করতে পারলে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে লোক ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা চলছে। সরকারি অফিস-আদালত ও দলের নেতাদের বাড়িঘরও হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। জনগণ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রত্যাখ্যান করেছে। সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সম্পৃক্ত করে বিএনপির অবস্থান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, শিববাড়ি মোড়ে পুলিশের ক্যাম্প থাকলেও হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এর আগে একই মোড়ে জুলাই স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার ঘটনাও ঘটেছিল।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button