খুলনাসহ পার্শ্ববর্তী উপজেলাগুলোতে সাউন্ড বক্সে পাখির কৃত্রিম ডাক বাজিয়ে অতিথি পাখি শিকারে তৎপর শিকারিরা

এম রুহুল আমিন ঃ শীতের আগমনে খুলনাসহ পার্শ্ববর্তী এলাকার বিল, জলাশয় ও মৎস্য ঘেরে ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছে অতিথি পাখি। আর এসব পাখির আগমনের সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠেছে পেশাদার ও শৌখিন শিকারিরা। বিশেষ করে খুলনার ডুমুরিয়া, উপজেলার বিভিন্ন বিল ও ঘেরে সাউন্ড বক্স ও মোবাইল ফোনে পাখির কৃত্রিম ডাক বাজিয়ে ফাঁদ পেতে পরিযায়ী পাখি শিকারের অভিযোগ উঠেছে।দেশের অন্যান্য স্থানের মতো খুলনার বটিয়াঘাটা দাকোপ, ডুমুরিয়া, পাইকগাছা, রূপসা, দিঘলিয়া, তেরখাদা, কয়রাসহ পার্শ্ববর্তী এলাকার হাওড়, বাওড়, বিল ও জলাশয়ে আশ্রয় নিচ্ছে এসব অতিথি পাখি। এদিকে পাখি আসার সাথে সাথে শিকারিরা তৎপর হয়ে উঠেছে। গভীর রাত থেকে ভোর, এমনকি দিনের বেলাতেও বিভিন্ন ধান খেত ও খোলা মাঠে অতিথি পাখি শিকারে তারা ব্যস্ত সময় কাটাচ্ছে। সরেজমিনে বিল ডাকাতিয়া, ডোমরা বিল, খর্নিয়া, টিপনা, আটলিয়া, শরাফপুর, রুদাঘরা ও গুটুদিয়া এলাকার বিভিন্ন বিল ও মৎস্য ঘেরে পাখি শিকারের এমন চিত্র পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর নির্জন জলাশয়ের পাশে জাল ও বিভিন্ন ফাঁদ পেতে সাউন্ড বক্সে পাখির রেকর্ড করা ডাক বাজানো হয়। এতে আকৃষ্ট হয়ে পাখিরা নিচে নেমে এলে জালে আটকা পড়ে। পরে ভোরের আগেই শিকার করা পাখি গোপনে বিভিন্ন হাট-বাজারে বিক্রি করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে এক রাতেই বিপুলসংখ্যক পাখি শিকার করা হচ্ছে। শিকারিদের তৎপরতায় হুমকির মুখে পড়েছে এলাকার জীববৈচিত্র্য। তবে সংঘবদ্ধ শিকারিদের ভয়ে অনেকেই প্রতিবাদ করতে সাহস পান না।পরিবেশ সচেতন ব্যক্তিদের মতে, অতিথি পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্বিচারে পাখি নিধন অব্যাহত থাকলে প্রাকৃতিক পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে। ডুমুরিয়া উপজেলা বন কর্মকর্তা মো. লেকাত খান বলেন, পরিযায়ী পাখি শিকার ও সাউন্ড বক্স ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। পাখি শিকার রোধে নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় বিভিন্ন বিল ও মৎস্য ঘেরে অভিযান পরিচালনা করা হবে। এ অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার বলেন, অতিথি পাখি শিকার ও বন্যপ্রাণী নিধন দ-নীয় অপরাধ। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পাখি শিকার বন্ধে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং বন বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



