জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন : পরিকল্পনায় মোংলা-ঢাকা রুটও

# রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর লবী খুলনা রেল স্টেশন পরিদর্শনে #
স্টাফ রিপোর্টার : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগে নতুন মাত্রা যোগ করতে আগামী জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন। পাশাপাশি নতুন কোচ দেশে আসার পর মোংলা-ঢাকা রুটেও ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। এ উদ্যোগ বাস্তবায়িত হলে খুলনাসহ আশপাশের জেলার মানুষের ঢাকায় যাতায়াত আরও সহজ ও সময় সাশ্রয়ী হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে খুলনা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর লবী।
তিনি বলেন, খুলনা-ঢাকা রুটে বিরতিহীন ট্রেন চালু করা দীর্ঘদিনের দাবি। যাত্রীদের চাহিদা এবং যাতায়াতের সময় কমানোর বিষয়টি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, আগামী জানুয়ারিতেই নতুন ট্রেনটির চলাচল শুরু হবে। যাত্রীসেবার মান উন্নয়নে নতুন কোচ সংযোজনসহ বিভিন্ন পরিকল্পনাও নেওয়া হচ্ছে। আলী আসগর লবী বলেন, ভারত থেকে দ্বিতীয় দফায় নতুন কোচ দেশে আসার পর খুলনা-ঢাকা রুটের পাশাপাশি মোংলা-ঢাকা রুটেও নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে মোংলাকেন্দ্রিক বাণিজ্যিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে। তিনি আরও জানান, খুলনা বিভাগের আরও তিনটি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে কাজ করছে সরকার। এর অংশ হিসেবে সাতক্ষীরায় ৩৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
রেলওয়ের লোকসান প্রসঙ্গে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলেন, রেল খাতকে লাভজনক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। টিকিটের কালোবাজারি বন্ধ, অনিয়ম-দুর্নীতি নিয়ন্ত্রণ, যাত্রীসেবার মান উন্নয়ন এবং আয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রেলওয়ের প্রতি মানুষের আস্থা বাড়বে।
খুলনা রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। পরে স্টেশন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন আলী আসগর লবী।



