স্থানীয় সংবাদ

নগরীতে অভিযানের মধ্যেই গুলির উৎসব! নিহত ১ : বাড়ি-রেস্টুরেন্টসহ ৭ স্থানে গুলি- হামলা

উদ্বেগ-উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতায় নগরবাসী
একদিনে ৭ স্থানে গুলির ঘটনায় ফুটে উঠলো আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির চিত্র

স্টাফ রিপোর্টার : নগরীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানের মধ্যেই একদিনে ধারাবাহিক গুলি ও হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার নগরীতে কমপক্ষে আলাদা ৭টি স্থানে গুলির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন শেখ আব্দুল হালিম (৪৫) নামে এক ব্যক্তি। মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। মাথা ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এতে জনমনে চরম উদ্বেগ-উৎকণ্ঠা ও আতংক ছড়িয়ে পড়েছে।
এছাড়া নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে আরও পৃথক ৬টি স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহ-সভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলি করার আগে তাঁর সঙ্গে হামলাকারীদের ধস্তাধস্তিও হয়। এছাড়া নগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামে এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি এবং সোনাডাঙ্গার ‘দ্যা পালংকি’ নামে একটি রেস্টুরেন্টে গুলি চালানো হয়েছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি। মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন সময় ঘটা এসব ঘটনায় নগরীতে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
দৌলতপুর : আমাদের প্রতিবেদক আশিকুর রহমান দৌলতপুর থেকে জানান, নগরীতে একের পর এক গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এবার দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন শেখ আব্দুল হালিম (৪৫) নামে এক ব্যক্তি। মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। মাথা ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আব্দুল হালিম স্থানীয়ভাবে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। তিনি খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে। এ ছাড়া তিনি ঠিকাদারি ও ঘের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর বাড়ি দৌলতপুর থানাধীন দেয়ানা উত্তর পাড়া এলাকায়। তিনি ওই এলাকার বাসিন্দা শেখ মোহাম্মদ হোসেনের ছেলে।
হাসপাতালে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, কল্পতরু মার্কেট এলাকায় প্রথমে পেছন থেকে তাঁকে গুলি করা হয়। পরে দুর্বৃত্তরা কাছে গিয়ে আবারও গুলি চালায়। স্বজনদের দাবি, তাঁকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়া হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল ইতিমধ্যে কাজ শুরু করেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. মোরাদুল ইসলাম জানান, গুলির ঘটনায় পুলিশ খবর পেয়েছে। কারা এবং কী কারণে তাঁকে গুলি করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
মৎস্য ব্যবসায়ী সমিতির নেতা সাঈদ : প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নগরীর সদর থানাধীন বেলায়েত হোসেন সড়কে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ির বিপরীত পাশের একটি গলিতে মৎস্য ব্যবসায়ী সমিতির নেতা সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তিন থেকে চারজন ব্যক্তি সাঈদ শিকদারের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে তাঁদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একটি দরজা বন্ধ করে দেওয়া হয়। এ সময় দুর্বৃত্তদের ছোড়া এক রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজায় লাগে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। দরজায় গুলির চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, সাঈদ শিকদারকে লক্ষ্য করে দুর্বৃত্তরা এক রাউন্ড গুলি ছোড়ে। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়।
তিনি আরও জানান, সাঈদ শিকদার খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিকের ভায়রা। তবে, কী কারণে এবং কারা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা জানা যায়নি।
পরিবহন ব্যবসায়ীর টুটুল : এদিকে, খুলনা নগরীর লবণচরা থানাধীন মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে টুটুল নামে এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা বাড়ির পেছনের একটি বাড়ির ভেতর দিয়ে টুটুলের শোবার ঘরের জানালার থাই গ্লাস লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে জানালার গ্লাসে গুলির আঘাতের চিহ্ন তৈরি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ভুক্তভোগী টুটুল পেশায় একজন পরিবহন ব্যবসায়ী। মোংলায় তার ব্যবসায়িক অফিস রয়েছে।
তিনি জানান, এর আগে নুর আজিম বাহিনীর ছবি পাঠিয়ে তাকে ওই বাহিনীর সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে তার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়েছিল।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারা এবং কী কারণে তার বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।
লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা টুটুলের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে এতে কেউ হতাহত হননি। ঘটনার সময় টুটুল বাড়িতে ছিলেন না।
অন্যদিকে, চাঁদার দাবিতে সোনাডাঙ্গা থানাধীন গাজী মেডিকেল কলেজের সামনে অবস্থিত পালংকি রেস্টুরেন্টে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এ ঘটনার পর মুঠোফোনে রেস্টুরেন্ট মালিককে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষের অভিযোগ, রেস্টুরেন্টটি চালুর পর থেকেই ‘বি কোম্পানি’র সদস্য পরিচয়ে কয়েকজন ব্যক্তি ফোনের মাধ্যমে চাঁদা দাবি করে আসছিল। চাঁদার দাবিতে গত এক মাসের মধ্যে প্রায় ১৫ দিন রেস্টুরেন্টটি বন্ধ রাখতে বাধ্য হন তারা।
মঙ্গলবার পুলিশের হস্তক্ষেপে পুনরায় রেস্টুরেন্টটি চালু করা হয়। তবে চালুর কয়েক ঘণ্টার মধ্যেই বিকেলে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত রেস্টুরেন্ট লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আরও জানায়, গুলির ঘটনার কিছুক্ষণ পর মুঠোফোনে ফোন করে বলা হয়, ‘তোর দোকানে গুলি করেছি, এখন তোকে গুলি করব।’ এতে রেস্টুরেন্টের মালিকসহ সংশ্লিষ্ট সবাই আতঙ্কের মধ্যে রয়েছেন। খবর পেয়ে পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে বাইরে থেকে রেস্টুরেন্ট লক্ষ্য করে দুর্বৃত্তরা এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি রেস্টুরেন্টের ওপরের সাইনবোর্ডে লাগে।
তিনি বলেন, চাঁদাবাজদের ভয়ে এতদিন রেস্টুরেন্টটি বন্ধ ছিল। পুলিশের নিরাপত্তার আশ্বাসে মঙ্গলবার সেটি চালু করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। ঘটনার সময় পুলিশের একটি দল ওই এলাকায় টহলে ছিল বলেও জানান তিনি।
এদিকে, সর্বশেষ একই রাতে নগরীর সোনালী জুট মিলের সামনেও গুলির ঘটনার খবর ছড়িয়ে পড়ে। তবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুলির কোনো আলামত পায়নি পুলিশ। আশপাশের চায়ের দোকানিদের জিজ্ঞাসাবাদ করেও গুলির বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, রাত সাড়ে ৮টার দিকে গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গুলির কোনো আলামত পাওয়া যায়নি।
তিনি আরও জানান, আশপাশের চায়ের দোকানিদের জিজ্ঞাসা করা হলে কেউ শব্দটিকে টায়ার ফেটে যাওয়ার শব্দ বলে উল্লেখ করেন। আবার কেউ জানান, একটি মোটরসাইকেল চলে যাওয়ার পর তাঁরা একটি শব্দ শুনেছেন। তবে সেটি গুলির শব্দ কি না, সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
অপরদিকে, খুলনায় সন্ত্রাসী প্রিন্সের শ্বশুরের বাড়িতে গুলির ঘটনা ঘটেছে। খুলনার লবণচরা থানাধীন পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সন্ত্রাসী প্রিন্সের শ্বশুর আব্দুল জলিল আকনের বাড়িতে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনের ওই বাড়িতে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। তবে কী কারণে এ গুলির ঘটনা ঘটেছে, কারা এর সঙ্গে জড়িত এবং এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, নগরীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানের মধ্যেই একদিনে ধারাবাহিক গুলি ও হত্যাকান্ডের ঘটনায় জনমনে চরম উদ্বেগ-উৎকণ্ঠা ও আতংক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে গত কয়েকদিনের আইন-শৃংখলা পরিস্থিতির অবনতির চিত্রকেও হার মানিয়েছে মঙ্গলবারের নগরজুড়ে অস্ত্রের ব্যবহার। ফলে নগরবাসীর নিরাপত্তা নিয়ে শংকা তৈরি হয়েছে। এতে করে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। উল্লেখ্য, খুলনায় সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে ১৬ নভেম্বর থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ টহল ও অভিযান শুরু হয়। যৌথ বাহিনীর অভিযানের বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদ্য বিদায়ী কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, কয়েক দিন ধরেই পুলিশের আলাদা টহল চলছিল। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খুলনার চিহ্নিত শীর্ষ অপরাধীদের একটি তালিকা প্রদান করা হয়েছে। মূলত: তাদেরকে আইনের আওতায় আনার টার্গেট নিয়ে এ অভিযান শুরু হয়েছে। কিন্তু অভিযানে শীর্ষ সন্ত্রাসীরা কেউই গ্রেফতার হয়নি। এমনকি আইন-শৃংখলা পরিস্থিতির উন্নতির পরিবর্তে চরম অবনতি হয়েছে বলে নগরীর বাসিন্দাদের আতংকিত চিত্র জানান দিচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button